যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম এনগ্যাজেট সম্প্রতি বুকস গো ৬ (দ্বিতীয় প্রজন্ম) ই-রিডারটির পর্যালোচনা প্রকাশ করেছে। ২০০ ডলার মূল্যের এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ থাকায় ব্যবহারকারীরা তাদের পছন্দমতো বিভিন্ন রিডিং অ্যাপ ডাউনলোড করতে পারেন। তবে পুরনো অ্যান্ড্রয়েড ১১ ভার্সন ব্যবহার এবং ব্যাটারি লাইফ অন্যান্য ই-রিডারের তুলনায় কম হওয়ায় ডিভাইসটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ডিজাইন ও সক্ষমতা
নতুন এই মডেলে ডিজাইন কিছুটা পরিবর্তন করা হয়েছে। এর পেছনে একটি চমৎকার টেক্সচার দেওয়া হয়েছে এবং এটি শেল, কাস্টার্ড, পাম ও স্টোন—এই চারটি রঙে পাওয়া যাচ্ছে। ডিভাইসটিতে ৩ জিবি র্যাম রয়েছে, যা প্রথম প্রজন্মের তুলনায় কিছুটা বেশি। এছাড়া এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। ৬ ইঞ্চির ডিসপ্লের এই ই-রিডারটি ওজনে বেশ হালকা, ফলে দীর্ঘ সময় হাতে ধরে পড়া সহজ।
স্টাইলাস ও অন্যান্য ফিচার
বুকস গো ৬ (দ্বিতীয় প্রজন্ম)-এ প্রথমবারের মতো স্টাইলাস ব্যবহারের সুবিধা যুক্ত হয়েছে। এতে সরাসরি বই বা ডকুমেন্টে নোট নেওয়া বা আঁকাআঁকি করা যায়। তবে স্টাইলাসটি আলাদাভাবে কিনতে হয়। ডিভাইসটির ডিসপ্লেতে ৩০৩ পিপিআই ই-পেপার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বেশ স্বচ্ছ ও উজ্জ্বল।
সীমাবদ্ধতা
ডিভাইসটিতে ওয়াটার বা ডাস্ট রেজিস্ট্যান্স কোনো আইপি রেটিং নেই, যা সৈকত বা ক্যাম্পিংয়ের ক্ষেত্রে কিছুটা অসুবিধাজনক। এছাড়া অ্যান্ড্রয়েড ১১ ভার্সন ব্যবহারের ফলে নিরাপত্তা আপডেটের অভাব ও ব্যাটারির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে যারা কিন্ডল বা কোবোর চেয়ে বেশি অ্যাপ ব্যবহারের স্বাধীনতা চান, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।