সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বার্ষিক ঘড়ির প্রদর্শনী ‘জেনেভা ওয়াচ ডেজ’ কেন্দ্র করে এই সপ্তাহে বিশ্বজুড়ে ঘড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ওয়্যার্ড সাময়িকীর তথ্যমতে, যদিও সুইজারল্যান্ডের ঘড়ি শিল্পে এপ্রিলের ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডারস’ সবচেয়ে বড় আয়োজন, তবে জেনেভা ওয়াচ ডেজ এখন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বড় ব্র্যান্ডগুলো তাদের মূল রিলিজগুলো এখানে প্রদর্শন করে। ২০২৫ সালে সুইস ঘড়ির রপ্তানিতে কিছুটা ভাটা পড়লেও যুক্তরাষ্ট্রের বাজারে এর চাহিদা এখনো অটুট রয়েছে। বর্তমানের বাজারের মন্দা কাটিয়ে শিল্পটি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
প্রদর্শনীতে নজর কেড়েছে ব্রাইটলিং-এর ‘ন্যাভিটাইমার বি০৯ ক্রোনোগ্রাফ ৪১ ট্রিবিউট টু মাইলস ডেভিস’। মাইলস ডেভিসের ব্যবহৃত ১৯৬০-এর দশকের মডেলের আদলে তৈরি এই ঘড়িটি মাত্র ৫০০ পিসের সীমিত সংস্করণে বাজারে এসেছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৯,৬০০ ডলার পর্যন্ত।
অন্যদিকে, ক্যাসিও জি-শক সিরিজের নতুন ‘জিএসি-২৫০০’ বা ‘ক্যাসিওনট’ নিয়ে ইন্টারনেটে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। প্যাটেক ফিলিপের নটিলাস মডেলের সাথে মিল থাকায় ঘড়িটি নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে। দাম প্রায় ১৩৪ ডলার থেকে শুরু করে ৩২০ ডলারের মধ্যে হতে পারে।
ওরিচ ব্র্যান্ড নিয়ে এসেছে তাদের নতুন ‘প্রোপাইলট এক্স গঞ্জো এডিশন’। মাপেটস চরিত্র গঞ্জোর থিমের ওপর ভিত্তি করে তৈরি এই ঘড়িটির দাম ১০,৫০০ ডলার। জেনিথ নিয়ে এসেছে তাদের নতুন ‘ক্রোনোগ্রাফার সোলো স্পোর্ট’, যা ৯,৮০০ ডলার থেকে ১০,৯০০ ডলারের মধ্যে পাওয়া যাবে।
অন্যান্য আকর্ষণীয় ঘড়ির তালিকায় রয়েছে হ্যামিল্টনের ‘খাকি ফিল্ড মারফ’ (৯৯৫ ডলার), মিংয়ের ‘৫৭.০৫ কমেট’ (৯,৭৫০-১০,৮৭৫ ডলার), টিউডর-এর ‘নর্থফ্ল্যাগ’ (৫,৫২৫ ডলার), বুলগারির ‘অক্টো ফিনিসিমো ড্যাজেল’ (১৮,৩০০ ডলার), গ্যালেটের ‘ফ্লাইং অফিসার’ এবং হাবলটের ‘বিগ ব্যাং অরিজিনাল সফট টাচ’ যার দাম ২৯,০০০ ডলার পর্যন্ত।