যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক জনপ্রিয় অনলাইন শব্দজট খেলা ‘ওয়ার্ল্ডল’ সমাধানের একটি গাণিতিক কৌশল উদ্ভাবন করেছেন। সহকারী অধ্যাপক কনগিউ ‘পিটার’ উ’র নেতৃত্বাধীন এই গবেষক দল জানিয়েছে, তাদের উদ্ভাবিত এই পদ্ধতি অনুসরণ করলে ৯৯ শতাংশ ক্ষেত্রে সফল হওয়া সম্ভব। তথ্যতত্ত্ব বা ইনফরমেশন থিওরি প্রয়োগ করে এই জটিল গাণিতিক মডেলটি তৈরি করা হয়েছে।
সাধারণত খেলোয়াড়রা সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর বা পরিচিত শব্দ অনুমান করার চেষ্টা করেন, কিন্তু এই নতুন পদ্ধতিতে ভিন্নধর্মী চিন্তাধারা অনুসরণ করা হয়েছে। গবেষক দলের মতে, মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিটি অনুমানের মাধ্যমে এমন তথ্য সংগ্রহ করা, যা পরবর্তী ধাপগুলোকে সহজ করে তোলে। এজন্য তারা ‘শ্যানন এনট্রপি’ (Shannon entropy) নামক একটি গাণিতিক পরিমাপক ব্যবহার করেছেন, যা অনিশ্চয়তা কমাতে সাহায্য করে।
গবেষক দলের সদস্য ডোনাল্ড স্টিফেনস জানান, অনেক সময় এমন শব্দ অনুমান করতে হয় যা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সেটি গেমের পরবর্তী ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। প্রচলিত পদ্ধতিতে শুধুমাত্র বেশি ব্যবহৃত অক্ষর নিয়ে ভাবলে ৯০ শতাংশ সাফল্য পাওয়া যায়, তবে এই নতুন কৌশলটি তথ্য সংগ্রহের ওপর ভিত্তি করে সাফল্যের হার ৯৯ শতাংশে উন্নীত করেছে।
এই গবেষণার সূত্রপাত হয়েছিল বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের প্রকল্প হিসেবে। শিক্ষার্থীরা তথ্যতত্ত্বকে বাস্তব জীবনের সমস্যায় প্রয়োগ করার চ্যালেঞ্জ থেকে এই কৌশলটি দাঁড় করান। পরবর্তীতে এই কাজের মান ও গভীরতা যাচাইয়ের পর তা ‘নর্থইস্ট জার্নাল অফ কমপ্লেক্স সিস্টেমস’-এ প্রকাশিত হয়। গেমাররা চাইলে একটি বিশেষ কম্পিউটার প্রোগ্রামের সহায়তায় প্রতিটি ধাপের ফিডব্যাক ইনপুট দিয়ে এই গাণিতিক কৌশলটি প্রয়োগ করতে পারেন।