যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল ও ওপেনএআইয়ের মধ্যকার আইনি লড়াই নতুন মোড় নিয়েছে, যেখানে ওপেনএআই নিজেদের স্বপক্ষে বিভিন্ন বার্তা ও ইমেইল আদান-প্রদান প্রকাশ্যে এনে অ্যাপলের অভিযোগের জবাব দিয়েছে। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে সরাসরি জানিয়েছে, ‘অ্যাপল বিষয়টি ভুলভাবে উপস্থাপন করছে’ এবং তাদের আনা মামলাটি ‘অসতর্ক, আক্রমণাত্মক এবং অদ্ভুত রকমের ব্যক্তিগত’। এই পদক্ষেপের মাধ্যমে ওপেনএআই মূলত আদালতের বাইরে জনমতকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে।
গত মাসে অ্যাপল তাদের সাবেক দুই কর্মী চ্যাং লিউ ও ট্যাং তান ওপেনএআইতে যোগ দেওয়ার পর এই মামলাটি দায়ের করে। অ্যাপলের অভিযোগ, কর্মীরা চলে যাওয়ার সময় প্রতিষ্ঠানের গোপন প্রযুক্তি ও পণ্যের তথ্য চুরি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে অ্যাপল সম্প্রতি একটি প্রাথমিক ইনজাংশন বা নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে, যাতে লিউ, তান ও ওপেনএআই সংশ্লিষ্ট গোপন তথ্যে প্রবেশ করতে না পারে।
এই অভিযোগের জবাবে ওপেনএআই জানিয়েছে, অ্যাপলের দাবিকৃত তথ্যের কোনো প্রয়োজন তাদের নেই এবং তারা শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী। চ্যাং লিউয়ের বিরুদ্ধে ওঠা তথ্যে প্রবেশের অভিযোগকে ওপেনএআই ‘রেসিডুয়াল অ্যাকসেস’ বা অব্যবস্থাপনার ফল বলে দাবি করেছে। তাদের মতে, এটি মূলত অ্যাপলেরই সিস্টেম ব্যবস্থাপনার ত্রুটি, যা সাবেক কর্মীদের অজান্তেই তথ্যের সুযোগ রেখে দেয়।
তত্ত্বাবধানকারী ট্যাং টানের বিষয়ে ওপেনএআই বলছে, তিনি সবসময় কর্মীদের নির্দেশনা দিয়েছেন যেন অন্য কোনো কোম্পানির গোপনীয় তথ্য ব্যবহার না করা হয়। এছাড়া, অ্যাপল শুরুতেই তাদের ভুল ঠিকানায় আইনি নোটিশ পাঠিয়েছিল বলেও ওপেনএআই দাবি করেছে। বিষয়টি নিয়ে উভয় প্রতিষ্ঠানের আইনি উপদেষ্টাদের মধ্যকার কথোপকথনের রেকর্ডও তারা প্রকাশ করেছে।