বাংলাদেশের ঢাকায় জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার দুটি উন্মুক্ত কনসার্ট আয়োজন করা হয়, যেখানে হাজারো মানুষের অংশগ্রহণে তারুণ্যের মিলনমেলা ঘটে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এই আয়োজন করে। গণতন্ত্রের সুরক্ষার বার্তায় এই কনসার্টগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ শিরোনামের অনুষ্ঠানে ভারী বৃষ্টি উপেক্ষা করেই হাজারো দর্শক অংশ নেয়। ‘গণতন্ত্রের শক্তিতে গড়ি সাম্য, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলাদেশ’ প্রতিপাদ্যের এই আয়োজন শুরু হয় এস এম আব্দুল্লাহ ফারাবীর গাওয়া গানের মধ্য দিয়ে। এরপর খালেদ মুন্না, ব্যান্ডদল ‘রেবেল’স, ‘লালন’ ও ‘এএসইআইএস’ মঞ্চ মাতান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘হাইওয়ে’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’ ও ‘ডিফারেন্ট টাচ’-এর মতো শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর পরিবেশনা। বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই কনসার্টে জুলাই যোদ্ধাদের স্মরণে গাওয়া গানের সঙ্গে সুর মেলায় উপস্থিত তরুণরা।
অন্যদিকে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে জেন-জি প্রজন্মের দর্শকদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটির সাথে তাল মেলাতে দেখা যায়। রাত ৯টার দিকে তিনি মঞ্চে আসেন।
সংসদ ভবনের এই কনসার্টে আসিফ ছাড়াও শিরোনামহীন, আর্টসেল, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও সেজান সংগীত পরিবেশন করেন। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই দুই কনসার্টজুড়ে ছিল তারুণ্যের উচ্ছ্বাস।