যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদক ম্যাক মিলার জানিয়েছেন, ফোনের ওয়্যারলেস চার্জিং ধীরগতিতে হওয়ার মূল কারণ হতে পারে ব্যবহারকারীর ফোনে থাকা অনুপযুক্ত কভার। ওয়্যারলেস চার্জিংয়ের কার্যকারিতা বজায় রাখতে সঠিক কভার নির্বাচন করা জরুরি।
ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিতে ফোনের কভারের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কভারের পুরুত্ব বেশি হলে বা তাতে ধাতব কোনো উপাদান থাকলে চার্জারের থেকে ফোনে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে একদিকে যেমন চার্জ হতে দীর্ঘ সময় লাগে, অন্যদিকে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে ফোনের ক্ষতি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে পাতলা কভারগুলো। বিশেষ করে যাদের ফোনে বিল্ট-ইন ম্যাগনেট নেই, তাদের জন্য কিউআই২ (Qi2) বা ম্যাগসেফ (MagSafe) ম্যাগনেটিক রিং সম্বলিত কভার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পপসকেট বা বাড়তি মাউন্টযুক্ত কভার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এগুলো চার্জিং প্যাডের সাথে সংযোগে বাধা সৃষ্টি করতে পারে।
কভার কেনার সময় গ্রাহকদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনলাইন রিভিউ যাচাই করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এছাড়া স্পিগেন ম্যাগফিট বা স্পেক প্রেসিডিও ২-এর মতো কভারগুলোতে চার্জিং কয়েলের জায়গাটুকু পাতলা রাখা হয়, যা চার্জিং প্রক্রিয়াকে মসৃণ রাখে। ব্যবহারের সুবিধার্থে পণ্যটি কেনার আগে এর ওয়্যারলেস চার্জিং সামঞ্জস্যতা নিশ্চিত করার জন্য ভিডিও রিভিউ বা ব্যবহারকারীর মতামত দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।