যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে এআই এজেন্ট নিয়ে ব্যাপক চর্চা থাকলেও সাধারণ মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা কেন বাড়ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা। দ্য ব্রাউজার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জশ মিলার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় দাবি করেন, এআই এজেন্ট প্রযুক্তি দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সক্ষমতা রাখলেও সাধারণ মানুষ তা ব্যবহারের প্রয়োজনীয়তা বোধ করছে না।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, সিলিকন ভ্যালির উদ্ভাবক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে এআই মডেলের সক্ষমতা প্রদর্শনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। তাদের মতে, কোনো একটি পণ্য কতটুকু শক্তিশালী, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পণ্যটি মানুষের দৈনন্দিন জীবনকে কতটা সহজ ও আনন্দদায়ক করছে।
কেন মানুষ এআই এজেন্ট ব্যবহার করছে না
জশ মিলারের মতে, এআই এজেন্ট কোনো স্বতন্ত্র পণ্য নয়, বরং এটি একটি প্রযুক্তিগত কাঠামো। সাধারণ মানুষ এআই এজেন্ট কী বা কীভাবে কাজ করে তা জানার চেয়ে তাদের কাজের সুবিধা বা সহজ সমাধান পেতে বেশি আগ্রহী। মিলারের ভাষায়, ব্যবহারকারীরা এমন পণ্য চায় যা তাদের কাজে মনোযোগ ধরে রাখতে এবং জীবন সহজ করতে সহায়তা করবে, সেখানে ব্যাকএন্ডে এআই এজেন্ট কাজ করছে কি না, তা নিয়ে গ্রাহকদের বিশেষ মাথাব্যথা নেই।
বর্তমানে ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর এআই এজেন্ট ব্যবহারের হার চ্যাটবটগুলোর তুলনায় অত্যন্ত নগণ্য। যেখানে চ্যাটবটগুলো কোটি কোটি মানুষ ব্যবহার করছে, সেখানে এআই এজেন্টের ব্যবহার অনেকটা প্রান্তিক পর্যায়ে রয়েছে।
প্রযুক্তি খাতের দায়বদ্ধতা
মিলার মনে করেন, এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের গ্রুপথিংকিং বা অভিন্ন চিন্তাধারার অভাব রয়েছে। অধিকাংশ ল্যাব বা কোম্পানি সায়েন্স ফিকশন সিনেমার মতো কাল্পনিক ধারণা থেকে পণ্য তৈরির চেষ্টা করছে, যা সাধারণ মানুষের বাস্তব চাহিদার সঙ্গে মিলছে না।
প্রযুক্তি উদ্যোক্তাদের প্রতি মিলারের আহ্বান হলো, এআই এজেন্টের মতো প্রযুক্তিগত জটিল টার্মের আড়ালে না লুকিয়ে মানুষের জন্য কার্যকর ও আনন্দদায়ক পণ্য তৈরি করা। তিনি বিশ্বাস করেন, প্রযুক্তির সক্ষমতাকে মূল লক্ষ্য না বানিয়ে গ্রাহকের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিলেই এআই এজেন্ট সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাবে।