যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে ফ্রি ও প্রিমিয়াম উভয় স্তরের ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ফ্রি অ্যাকাউন্টের ব্যবহারকারীরা কোনো সীমাবদ্ধতা ছাড়াই চ্যাট করতে পারবেন।
ফ্রি ব্যবহারকারীদের জন্য ডিফল্ট কথোপকথন মডেল হিসেবে যুক্ত করা হয়েছে জিপিটি-৫.৬ লুনা (GPT-5.6 Luna)। একই সঙ্গে যুক্ত হয়েছে নতুন ‘থিংক’ বাটন, যা জটিল ও গভীর বিশ্লেষণের প্রয়োজনে মডেলটিকে বিশেষ চিন্তাশীল মোডে কাজ করতে সহায়তা করবে।
লুনা মডেলটির সক্ষমতা সম্পর্কে জানা গেছে, এটি ১,০৫০,০০০ টোকেনের কনটেক্সট উইন্ডো সমর্থন করে। এর নলেজ বেজ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত আপডেট করা হয়েছে। এটি মাল্টি-মোডাল হওয়ায় টেক্সট ও মিডিয়া ফাইল প্রসেস করতে পারলেও বর্তমানে অডিও বা ভিডিও সমর্থন করে না। তবে ফ্রি ব্যবহারকারীদের জন্য মিডিয়া ফাইল আপলোডের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে, কিন্তু টেক্সট চ্যাটে কোনো সীমাবদ্ধতা থাকবে না।
পেইড ব্যবহারকারীদের জন্য আপডেট
পেইড বা প্লাস ও প্রো গ্রাহকদের জন্য জিপিটি-৫.৬ সোল (GPT-5.6 Sol) মডেলটি উন্নত করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, এই মডেলটি এখন অনেক বেশি সুনির্দিষ্ট উত্তর প্রদান করে এবং প্রশ্নের ধরণ অনুযায়ী তথ্যের গভীরতা নির্ধারণ করতে পারে। অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, আগের তুলনায় এই মডেলে ভুল তথ্যের হার ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে।
সম্পর্কিত খবর
চ্যাটজিপিটির পাশাপাশি অ্যাডোবি তাদের ৭০টিরও বেশি ক্রিয়েটিভ টুলস যুক্ত করে চ্যাটজিপিটির জন্য একটি সমন্বিত প্লাগইন উন্মোচন করেছে। এছাড়া, চ্যাটজিপিটি-চালিত অ্যাটলাস ব্রাউজার বন্ধ হয়ে যাচ্ছে এবং এর বিকল্প হিসেবে নতুন সুবিধাসহ ক্রোম এক্সটেনশন নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।