যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বায়ত্তশাসিত রাইড-হেলিং কোম্পানি জুক্স তাদের রোবোট্যাক্সি সেবার জন্য আগামী ১০ আগস্ট থেকে ভাড়া গ্রহণ শুরু করবে বলে জানিয়েছে। এতদিন কোম্পানিটি বিনামূল্যে এই পাইলট সেবা দিয়ে আসলেও, এবার তারা ব্যবসায়িক মডেলের দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে। জুক্সের ভাষ্যমতে, এটি তাদের স্টার্টআপ থেকে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জুক্স ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে কমার্শিয়াল এক্সজাম্পশন পেয়েছে, যা তাদের রোবোট্যাক্সিতে বাণিজ্যিকভিত্তিতে যাত্রী বহনের আইনি অনুমোদন দেয়। লাস ভেগাসে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ যাত্রী জুক্সের এই বিশেষ নকশা করা গাড়িগুলোতে যাতায়াত করেছেন এবং প্রায় ৩০ লাখ মাইল পথ অতিক্রম করেছেন।
ভাড়া নির্ধারণ পদ্ধতি
জুক্স জানিয়েছে, রাইডের ভাড়া মূলত যাত্রা শুরুর স্থান থেকে গন্তব্যের দূরত্ব, সময় এবং প্রযোজ্য ট্যাক্সের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। বিমানবন্দর বা জনবহুল কোনো এলাকা ও ইভেন্টস্থলের জন্য বাড়তি ফি প্রযোজ্য হতে পারে। কোম্পানিটি তাদের ভাড়ার হার উবার কমফোর্ট বা লিফট এক্সট্রা কমফোর্টের সমতুল্য রাখার পরিকল্পনা করেছে।
ভাড়া বুকিংয়ের সময়ই যাত্রী চূড়ান্ত মূল্য দেখতে পাবেন। সাধারণ রাইড শেয়ারিং সেবার মতো যাত্রাপথে যানজট বা অন্য কোনো কারণে সময় বেশি লাগলেও ভাড়া বাড়বে না। আগে নির্ধারিত এই ভাড়াই চূড়ান্ত বলে গণ্য হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা
লাস ভেগাসই জুক্সের বাণিজ্যিক সেবার প্রথম শহর। যদিও সান ফ্রান্সিসকোসহ অন্যান্য শহরেও ভবিষ্যতে এই সেবা চালু হবে, তবে আপাতত সেখানে কার্যক্রম বিনামূল্যে চলছে। এছাড়া উবারের সাথে জুক্সের কৌশলগত অংশীদারিত্বের ফলে উবার অ্যাপেও জুক্সের রোবোট্যাক্সি পাওয়া যাবে। তবে জুক্স তাদের নিজস্ব অ্যাপের কার্যক্রমও অব্যাহত রাখবে। লাস ভেগাস ছাড়াও বর্তমানে বিভিন্ন শহরে জুক্স তাদের প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।