যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ তার এবং অন্যান্য সমাজতান্ত্রিক নেতাদের অতীতের বিতর্কিত রাজনৈতিক মন্তব্যগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সেই সময়কার কিছু বিতর্কিত বিষয় এখন আর প্রাসঙ্গিক নয়।
সাক্ষাৎকারে উপস্থাপক জন কার্ল তাকে উইসকনসিনের ডেমোক্র্যাটিক প্রার্থী ফ্রান্সেসকা হংয়ের মতো সমাজতান্ত্রিক নেতাদের বিতর্কিত মন্তব্য—যেমন থ্যাঙ্কসগিভিং বাতিল করা বা কারাগার বিলুপ্ত করার দাবি—নিয়ে প্রশ্ন করেন। এর জবাবে ওকাসিও-কর্তেজ হাসিমুখে বলেন, ‘আমার এক স্থানীয় সিটি কাউন্সিলম্যান প্রায়ই বলেন, ওক-১ ছিল পাগলামি। আমার মনে হয়, কোনো প্রার্থীর বর্তমান বক্তব্য এবং অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
পুলিশের তহবিল কমানোর (ডিফান্ড দ্য পুলিশ) বিষয়ে নিজের আগের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, কোভিড মহামারির সময়কার পরিস্থিতি ছিল ভিন্ন। তখন মানুষ সব ধরণের নতুন নীতি নিয়ে আলোচনার জন্য উন্মুক্ত ছিল। সেই সময়ের আলোচনাগুলো ফলপ্রসূ ছিল দাবি করে তিনি বলেন, ‘আজ অপরাধ নিয়ে আমরা যেভাবে কথা বলি, তা অতীতে বলার চেয়ে সম্পূর্ণ আলাদা। এখন আমাদের সবার লক্ষ্য অপরাধের হার যতটা সম্ভব কমিয়ে আনা।’
ডেমোক্র্যাটিক সোশালিস্টস অব আমেরিকার (ডিএসএ) জাতীয় পর্যায়ের রাজনৈতিক অবস্থানের সাথে নিজের অমিল থাকার কথাও তুলে ধরেন ওকাসিও-কর্তেজ। তিনি জানান, তিনি ডিএসএ-এর জাতীয় সংগঠনের চেয়ে নিউইয়র্ক সিটি শাখার সাথেই বেশি সম্পৃক্ত এবং সংগঠনের সব নীতির সাথে তিনি একমত নন। উল্লেখ্য, অতীতে সমর্থন দিলেও ইসরায়েল ইস্যুতে মতপার্থক্যের কারণে ডিএসএ বর্তমানে তার সাথে দূরত্ব তৈরি করেছে।