যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের ওয়ালেট অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে অভিভাবকরা খুব সহজে তাদের সন্তানদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। প্রযুক্তি বিষয়ক লেখক আর্টির বিটি জানিয়েছেন, এই ফিচারের ফলে সন্তানদের এখন আর কোনো ফিজিক্যাল ডেবিট কার্ড বা আলাদা ব্যাংকিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। নতুন এই ব্যবস্থাটি শিশুদের আর্থিক লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করে তুলেছে।
নতুন এই ফিচারটি ব্যবহারের জন্য অভিভাবককে গুগল ফ্যামিলি লিংকের মাধ্যমে শিশুর অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে। অ্যাপের মাধ্যমে অভিভাবকরা সহজেই টাকা পাঠানোর পাশাপাশি লেনদেনের সীমা নির্ধারণ, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট লক করার সুবিধা পাবেন। শিশুরা তাদের অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টওয়াচ ব্যবহার করে ট্যাপ-টু-পে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কেনাকাটা সম্পন্ন করতে পারবে।
এই সুবিধার সবচেয়ে বড় দিক হলো, শিশুদের কোনো কার্ড সঙ্গে রাখার ঝামেলা নেই, ফলে কার্ড হারিয়ে যাওয়ার ভয়ও থাকছে না। তবে এই সুবিধাটি কেবল স্টোরের কেনাকাটার ক্ষেত্রেই প্রযোজ্য। গুগল ওয়ালেটের এই নতুন ফিচার দিয়ে শিশুরা অনলাইনে কোনো কেনাকাটা করতে পারবে না, যা তাদের অনাকাঙ্ক্ষিত খরচ বা অনলাইন গেমের মাইক্রোট্রানজেকশন থেকে দূরে রাখবে।
তবে যেসব স্থানে ট্যাপ-টু-পে প্রযুক্তি নেই, সেখানে এই ওয়ালেট ব্যবহার করা যাবে না। এছাড়া যেসব অভিভাবক আগে থেকেই ক্যাশঅ্যাপের মতো সেবা ব্যবহার করছেন, তাদের জন্য নতুন করে এটি পরিবর্তনের প্রয়োজন নেই। তবে যারা প্রথমবারের মতো সন্তানদের জন্য ডিজিটাল অর্থ লেনদেনের ব্যবস্থা করতে চাইছেন, তাদের জন্য এটি একটি দারুণ সমাধান হতে পারে।