যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে মার্কিন সেনাবাহিনী তাদের ‘ইনফ্যান্ট্রি লাস্ট ট্যাকটিক্যাল মাইল’ (আইএলটিএম) প্রকল্পের জন্য ছয়টি ভেন্ডরকে চুক্তি প্রদানের ঘোষণা দিয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো দুর্গম ও বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে মানবচালিত যানের পরিবর্তে চালকবিহীন গ্রাউন্ড ভেহিকল (ইউজিভি) ব্যবহার করা, যা একইসঙ্গে লজিস্টিক সহায়তা এবং আহত সেনা উদ্ধারে ভূমিকা রাখবে। সেনাবাহিনীর সিপিই মিশন অটোনমি অফিসের তথ্য অনুযায়ী, এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি সম্মুখ সারির সেনাসদস্যদের ঝুঁকি কমিয়ে দ্রুত রসদ পৌঁছাতে সহায়তা করবে।
প্রকল্পের আওতায় নির্বাচিত ছয়টি কোম্পানি হলো ম্যারেন-গো, ওভারল্যান্ড এআই, ফরটেরা, হেন্ড্রিক্স মোটরস্পোর্টস, আমেরিকান রেইনমেটাল এবং এইচডিটি। এই কোম্পানিগুলো ‘প্রোডাকশন-রেডি প্রোটোটাইপ’ তৈরির কাজ করবে, যা অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে সক্ষম।
সেনাবাহিনীর অটোনোমাস রোবোটিক ক্যাপাবিলিটিস বিভাগের প্রজেক্ট ম্যানেজার কর্নেল কেন বার্নিয়ার জানিয়েছেন, এই সিস্টেমগুলো দ্রুত মোতায়েনযোগ্য লজিস্টিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি কেবল সরঞ্জাম স্থানান্তর নয়, বরং আহতদের উদ্ধার এবং সম্মুখ সারিতে থাকা সেনাদের সাথে নেটওয়ার্ক যোগাযোগ বজায় রাখতেও সক্ষম হবে।
প্রতিটি কোম্পানি চারটি করে প্রোটোটাইপ সরবরাহ করবে। ইতিমধ্যে আমেরিকান রেইনমেটাল জানিয়েছে, তারা তাদের ‘মিশন মাস্টার এসপি-এইচ’ মডেল এবং নিজস্ব ‘পাথ’ অটোনমি কিট ব্যবহার করবে। অন্যদিকে, ওভারল্যান্ড এআই তাদের ‘আলট্রা’ প্ল্যাটফর্ম সরবরাহ করার পরিকল্পনা করেছে, যা পোলারিস আরজেডআর ১০ মডেলের ওপর ভিত্তি করে তৈরি। ফরটেরা তাদের ‘মেসা’ যানের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর কোম্পানিগুলো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাবে। ২০২৭ সালের শুরুতে একটি সেনা ইউনিটের সাথে চূড়ান্ত অপারেশনাল অ্যাসেসমেন্ট সম্পন্ন হবে। এই মূল্যায়ন থেকেই পরবর্তী প্রজন্মের স্বয়ংক্রিয় পদাতিক সিস্টেম ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।