ভারতের উত্তর প্রদেশে শুরু হতে যাচ্ছে ইউপি টি২০ লিগের চতুর্থ আসর। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। লখনউয়ের একানা স্টেডিয়ামে কাশি রুদ্রাস এবং মিরাট মাভেরিকসের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। নতুন ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি আইপিএল তারকাদের অংশগ্রহণে এই লিগটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
টুর্নামেন্টের প্রথম পর্বের ম্যাচগুলো লখনউতে অনুষ্ঠিত হবে। এরপর শেষ দিকের ম্যাচ ও ৬ সেপ্টেম্বরের ফাইনাল খেলার জন্য ভেন্যু স্থানান্তর করা হবে কানপুরের গ্রিন পার্কে। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাশি রুদ্রাস তাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে। লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন সুরেশ রায়না। এছাড়া ভুবনেশ্বর কুমার, রিঙ্কু সিং এবং সমীর রিজভির মতো তারকা খেলোয়াড়দের উপস্থিতিও টুর্নামেন্টটিতে বাড়তি আকর্ষণ যোগ করবে।
টুর্নামেন্টের সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জানানো হয়েছে, সনি স্পোর্টস নেটওয়ার্কে টিভিতে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে জিও হটস্টার ও ফ্যানকোডে লিগের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।