যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বিমানটি ডেনভার থেকে সান দিয়েগো যাওয়ার কথা ছিল। ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে ১৭৮ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্যকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ইউনাটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড্ডয়নের প্রস্তুতির সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গুলিটি পাওয়া যায়।
ঘটনার পর বিমানে থাকা যাত্রীদের হ্যান্ড লাগেজসহ নিচে নেমে যেতে বলা হয়। নিরাপত্তা কর্মীরা পুরো বিমানটি তন্নতন্ন করে তল্লাশি করেন। তবে গুলিটি কীভাবে বা কার মাধ্যমে বিমানে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার খাতিরেই যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষে নিরাপত্তা কর্মীরা বিমানটিকে নিরাপদ ঘোষণা করলে সেটি সান দিয়েগোর উদ্দেশ্যে যাত্রা করে।
বোয়িং ৭৩৭-৯০০ মডেলের বিমানটির দুপুর ১টা ২৫ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও, এই ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয়। পরবর্তীতে বেলা ৩টা ৪১ মিনিটে বিমানটি ডেনভার ছাড়তে সক্ষম হয়। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য বিষয়টি ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কাছে পাঠানো হয়েছে।