যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ফেডারেল আদালতে শুক্রবার সকালে লুইগি ম্যাঞ্জিওনের একটি বিশেষ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ঘিরে মামলার মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই শুনানিতে ম্যাঞ্জিওন দোষ স্বীকার করতে পারেন বলে আইন অঙ্গনে জোর আলোচনা চলছে। স্টেট আদালতে বিচার শুরুর ঠিক এক মাস আগে দুই পক্ষের আবেদনের ভিত্তিতে বিচারক মার্গারেট গার্নেট এই বিশেষ শুনানির আয়োজন করেছেন। এ বিষয়ে ফেডারেল প্রসিকিউটর জেমস ম্যাকডোনাল্ড মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
মামলার প্রেক্ষাপট
২০২৪ সালের ডিসেম্বরে ম্যানহাটনের রাস্তায় ইউনাইটেডহেলথকেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যার ঘটনায় ম্যাঞ্জিওনের বিরুদ্ধে স্টেট ও ফেডারেল—উভয় আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার পর দেশব্যাপী তল্লাশির মাধ্যমে পেনসিলভানিয়ার আলতুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে একটি পিস্তল ও স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা সংবলিত একটি নোটবুক উদ্ধার করে পুলিশ।
আইনি জটিলতা
কার্ডোজো স্কুল অব ল-এর অধ্যাপক ও সাবেক প্রসিকিউটর গ্যারি গ্যালপারিন জানিয়েছেন, স্টেট ট্রায়ালের প্রস্তুতির বদলে হঠাৎ ফেডারেল আদালতে শুনানি ডাকা অস্বাভাবিক। এটি দোষ স্বীকারের আবেদনের ইঙ্গিত হতে পারে। ফেডারেল আদালতে ম্যাঞ্জিওনের বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ডের ঝুঁকি সংবলিত অভিযোগগুলো জানুয়ারি মাসে আদালত খারিজ করে দিয়েছিলেন। তবে আন্তঃরাজ্য ধাওয়া ও মৃত্যু ঘটানোর মতো গুরুতর অভিযোগগুলো এখনো বহাল রয়েছে, যার সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে।
স্টেট মামলার ওপর প্রভাব
আইন বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেল আদালতে দোষ স্বীকার করলে তা স্টেট আদালতের হত্যা মামলার ওপর প্রভাব ফেলতে পারে। নিউইয়র্কের কঠোর ‘ডাবল জেপার্ডি’ বা একই অপরাধে একাধিকবার বিচারের আইনি বিধিনিষেধের কারণে ফেডারেল সাজা কার্যকর হলে স্টেট আদালতে বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের সহকারী জোয়েল সিডম্যান গত মাসে বিচারক গ্রেগরি কারোর কাছে পাঠানো চিঠিতে সতর্ক করেছিলেন যে, ফেডারেল আদালতে দোষ স্বীকারের বিষয়টি যেন স্টেট মামলার ন্যায়বিচার নিশ্চিতের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আগামী ৮ সেপ্টেম্বর ম্যাঞ্জিওনের স্টেট মামলার জুরি নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।