যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে কোভিড-১৯ এর সংক্রমণ পুনরায় বাড়তে শুরু করেছে। ইমোরি বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. জন ব্রুকস জানিয়েছেন, জাতীয়ভাবে সবখানেই কোভিডের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালীন এই ঢেউয়ের কারণে জনজীবন কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভাইরাসটির বর্তমান বিস্তার প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, এবারের গ্রীষ্মকালীন ঢেউ আগের তুলনায় কিছুটা মৃদু। টিকা এবং সংক্রমণের মাধ্যমে মানুষের মধ্যে তৈরি হওয়া হার্ড ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণের তীব্রতা কমিয়ে এনেছে। ফলে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার তুলনামূলকভাবে কম।
তবে এই ঝুঁকি পুরোপুরি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ ক্যাটলিন রিভার্সের মতে, বয়স্ক, শিশু এবং যারা দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতায় ভুগছেন, তাদের জন্য কোভিড এখনো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হিসেবেই রয়ে গেছে।
কোভিড-১৯ এর এই গ্রীষ্মকালীন উত্থান নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিছুটা রহস্য রয়ে গেছে। কারণ সাধারণত ফ্লু কেবল শীতকালেই বাড়ে, কিন্তু কোভিড বছরে দুইবার—শীত ও গ্রীষ্মে—বিস্তার লাভ করে। এর প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি।
টিকা ও সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি দূর করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন চিকিৎসা সংস্থা নিয়মিত টিকা গ্রহণের পরামর্শ দিলেও, সরকারি নীতিতে পরিবর্তন আসার কারণে জনমনে কিছুটা সংশয় তৈরি হয়েছে। টিকাগুলো আগের মতোই সহজলভ্য থাকবে এবং বিমা কোম্পানিগুলোর মাধ্যমে এর ব্যয়ভার বহন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে, সংক্রমণের ঝুঁকি কমাতে জনাকীর্ণ স্থানে মাস্ক পরা এবং টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।