যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্সটাপেপার তাদের রিড-ইট-লেটার অ্যাপে বড় ধরনের আপডেট এনেছে। নতুন ফন্ট, উন্নত কাস্টমাইজেশন সুবিধা এবং সম্পূর্ণ নতুন লেআউট যোগ করার মাধ্যমে অ্যাপটিকে ঢেলে সাজানো হয়েছে। ২০০৮ সালে যাত্রা শুরু করা এই অ্যাপটি দীর্ঘ সময় পর নতুন কোডিংয়ে পুনরায় সাজানো হলো, যা ব্যবহারকারীদের পড়ার অভ্যাসকে আরও সহজ করবে।
ওয়েব ভার্সনে নতুন আপডেট
ইন্সটাপেপারের ওয়েবসাইট ভার্সনে প্রথমবারের মতো তিন-কলামের লেআউট যুক্ত করা হয়েছে, যা বড় পর্দার ডিভাইসে ব্যবহারের উপযোগী। এছাড়া নতুন আপডেটে কীবোর্ড শর্টকাট এবং মাল্টি-সিলেক্ট ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা এখন খুব সহজেই তালিকা থেকে একাধিক আর্টিকেল নির্বাচন করতে পারবেন।
আইওএস ও অ্যান্ড্রয়েডে পরিবর্তন
আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে ‘লিকুইড গ্লাস’ রিফ্রেশ আনা হয়েছে। এতে সেকশন সাজানো এবং নতুন ফন্ট ব্যবহারের সুযোগ বেড়েছে। এছাড়া আগে শুধু আইওএস ডিভাইসে থাকা এআই ভয়েস ফিচার এখন অ্যান্ড্রয়েড ডিভাইসেও ব্যবহার করা যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সংরক্ষিত আর্টিকেলগুলো অডিও আকারে শোনার সুযোগ পাবেন, যা যাতায়াত বা ব্যস্ত সময়ে বেশ কার্যকর।
অ্যাপটির ব্যবহারের নিয়ম
ইন্সটাপেপার মূলত ওয়েবে থাকা বিভিন্ন আর্টিকেল, ভিডিও এবং ব্লগ পোস্ট সংগ্রহ করে বিজ্ঞাপনহীন ও ছিমছাম ইন্টারফেসে পড়ার সুযোগ দেয়। এটি ওয়েব, অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। বিনামূল্যে সীমাহীন আর্টিকেল সংরক্ষণের পাশাপাশি প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য সার্চ টুল, কিন্ডল সাপোর্ট এবং টেক্সট-টু-স্পিচ সুবিধা রাখা হয়েছে।