যুক্তরাষ্ট্রের টেক্সাসে সংগীতশিল্পী রজার মিলারের জীবনে এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যখন তিনি চুরির দায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। শিল্পীর ছেলে ডিন মিলার ‘ড্রিফটিং কাউবয়’ পডকাস্টে জানান, শোবিজে জায়গা করে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে তার বাবা টেক্সাসের একটি নাইটক্লাব থেকে বাদ্যযন্ত্র ও পোশাক চুরি করেছিলেন। নিজের ভুল স্বীকার করে পরের দিনই তিনি আত্মসমর্পণ করেন।
চুরির পর বিচারক তাকে একটি কঠিন সুযোগ দিয়েছিলেন। ডিন জানান, দোকানের মালিক বিচারককে তার বাবার প্রতি নমনীয় হওয়ার অনুরোধ জানিয়েছিলেন। পরবর্তীতে বিচারক রজার মিলারকে শর্ত দেন, হয় তাকে জেলে যেতে হবে, নতুবা সেনাবাহিনীতে যোগ দিতে হবে। রজার মিলার সেনাবাহিনীতে যোগ দেওয়ার পথই বেছে নেন।
সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর রজার মিলারকে কোরিয়া যুদ্ধে পাঠানো হয়। তার ছেলে জানান, কোরিয়ায় কাটানো সময়টি ছিল অত্যন্ত ভীতিকর, যা তার বাবার স্মৃতির বড় অংশ জুড়ে ছিল। তবে সেনাবাহিনীতে থাকাকালীনই তিনি অনেক সংগীতজ্ঞের সাথে পরিচিত হন, যা পরবর্তীতে তাকে ন্যাশভিলে সংগীত ক্যারিয়ার গড়তে সহায়তা করে।
সেনাবাহিনীতে থাকাকালেই বিল অ্যান্ডারসনের সাথে তার বন্ধুত্ব হয়, যার সাথে তিনি পরে অনেক জনপ্রিয় গান লিখেছেন। রজার মিলার কান্ট্রি সংগীতে পপ ধারার মিশ্রণ ঘটিয়ে জনপ্রিয়তা পান। দুই বছরে ১১টি গ্র্যামি পুরস্কার জেতা এই শিল্পী ১৯৯৫ সালে মরণোত্তর কান্ট্রি মিউজিক হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। ১৯৯২ সালে ৫৬ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান।