যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়্যারড-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাক কম্পিউটারে অ্যাপ ইনস্টলের দীর্ঘদিনের ঝক্কি কমাতে নতুন একটি ইউটিলিটি টুল বাজারে এনেছেন ডেভেলপার জেফ শুম্যান। ‘ইজিডিএমজি’ নামের এই টুলটি ব্যবহার করলে ম্যাক ব্যবহারকারীদের আর ডিএমজি (DMG) ফাইল ম্যানুয়ালি ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করার প্রয়োজন পড়বে না, যা এতদিন ম্যাক অ্যাপ স্টোরের বাইরের সফটওয়্যার ইনস্টলের সাধারণ নিয়ম ছিল।
প্রচলিত পদ্ধতিতে ব্যবহারকারীকে একটি ভার্চুয়াল ডিস্ক মাউন্ট করতে হয়, ফাইলটি অ্যাপ্লিকেশন ফোল্ডারে নিতে হয় এবং শেষে ভার্চুয়াল ডিস্ক আনমাউন্ট ও ডিএমজি ফাইল ডিলিট করতে হয়। ইজিডিএমজি এই পুরো প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করে তুলেছে। টুলটি ডাউনলোড করার পর ডিএমজি ফাইলগুলোর ডিফল্ট ওপেনার হিসেবে একে সেট করে নিলেই কাজ শেষ।
ইজিডিএমজি কীভাবে কাজ করে
টুলটি চালু করার পর যখনই কোনো ডিএমজি ফাইল ওপেন করা হয়, তখন ইজিডিএমজি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টলেশন শুরু করে দেয়। একটি প্রগ্রেস বারের মাধ্যমে ব্যবহারকারী ইনস্টলেশনের অগ্রগতি দেখতে পারেন। কাজ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে ডিএমজি ফাইলটি ডিলিট করে দেয় এবং অ্যাপ্লিকেশনটি কোথায় ইনস্টল হয়েছে তা ফাইন্ডার উইন্ডোর মাধ্যমে জানিয়ে দেয়।
এটি ব্যাকগ্রাউন্ডে সবসময় চালু থাকে না, ফলে মেমোরির ওপর বাড়তি চাপ পড়ে না। এছাড়া অ্যাপটিতে কোনো টেলিমেট্রি বা ব্যবহারকারীর তথ্য সংগ্রহের ব্যবস্থা রাখা হয়নি।
কাস্টমাইজেশনের সুযোগ
ইজিডিএমজির সেটিংসে ব্যবহারকারী নিজের পছন্দমতো কিছু পরিবর্তন আনতে পারেন। যেমন, ইনস্টলেশনের পর ডিএমজি ফাইল ডিলিট না করা, অ্যাপ ইনস্টল হওয়ার সাথে সাথে তা অটোমেটিক চালু হওয়া কিংবা প্রগ্রেস বারের পরিবর্তে শুধুমাত্র নোটিফিকেশন পাওয়ার ব্যবস্থা রাখা। খুব সাধারণ ফিচার সেট নিয়ে গঠিত এই টুলটি অ্যাপ ইনস্টলের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।