যুক্তরাষ্ট্রের গুগল তাদের অ্যান্ড্রয়েড ১৭-এর নতুন কিউপিআর২ বেটা সংস্করণে একটি বিল্ট-ইন অ্যাপ লক ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও সুদৃঢ় করবে। নাইনটুফাইভগুগল-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে মুক্তি পাওয়া কিউপিআর২ বেটা ৩ সংস্করণে এই ফিচারটি প্রথমবারের মতো দেখা গেছে।
বর্তমানে এই ফিচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, মেসেজিং প্ল্যাটফর্ম কিংবা ফটো গ্যালারির মতো অ্যাপগুলো পাসকোড, ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সুরক্ষিত রাখা সম্ভব। কোনো অ্যাপ লক করা থাকলে তা নোটিফিকেশন প্রদর্শন করা বন্ধ করে দেয় এবং হোম স্ক্রিন থেকে উইজেট বা শর্টকাট ব্যবহারের সুযোগও সীমাবদ্ধ করে দেয়। এর ফলে ফোন অন্য কারো হাতে থাকলেও ব্যক্তিগত তথ্যে অননুমোদিত প্রবেশ ঠেকানো সহজ হবে।
সেটিংসের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি মেনু থেকে এই ফিচারটি নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া হোম স্ক্রিনের অ্যাপ আইকনে লং প্রেস করেও নির্দিষ্ট অ্যাপের জন্য লক সুবিধা সক্রিয় করা সম্ভব। তবে গুগল সতর্ক করেছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টরা যদি কোনো অ্যাপের তথ্য ব্যবহারের অনুমতি পায়, তবে সে ক্ষেত্রে ব্যবহারকারীকে ম্যানুয়ালি অনুমতি বাতিল করতে হবে।
বর্তমানে ফিচারটি শুধুমাত্র পিক্সেল ডিভাইসের বেটা সংস্করণ ব্যবহারকারীরা পাচ্ছেন। তবে ডিসেম্বরে কিউপিআর২-এর চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত হওয়ার পর এটি স্যামসাংয়ের মতো অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও ছড়িয়ে দেওয়া হতে পারে। আইওএস ১৮-এর আদলে তৈরি এই ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিনের তৃতীয় পক্ষের অ্যাপের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও মানসম্মত করবে বলে আশা করা হচ্ছে।