যুক্তরাষ্ট্রের বিজ্ঞান লেখক রেট অ্যালেন ব্যাটারিচালিত যন্ত্রের শক্তির উৎস নিয়ে এক নিবন্ধে জানিয়েছেন, কোনো ব্যাটারিচালিত ডিভাইস কাজ করা বন্ধ করে দিলেই ব্যাটারি পুরোপুরি অকেজো হয়ে যায় না। ব্যাটারির ভোল্টেজ বা বিভব পার্থক্য একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে তা আর ডিভাইস চালাতে পারে না, তবে তার ভেতরে রাসায়নিক শক্তি অবশিষ্ট থাকে।
পদার্থবিজ্ঞানের সূত্র ও কিছু বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যবহার করে এই অবশিষ্ট শক্তি কাজে লাগানো সম্ভব। এর জন্য প্রয়োজন একটি ট্রান্সফরমার এবং একটি ট্রানজিস্টর, যা দিয়ে ‘জোল থিফ’ (Joule Thief) নামক একটি সার্কিট তৈরি করা যায়। এই সার্কিটটি মূলত ফ্যারাডের আবেশ সূত্র বা ফ্যারাডে’স ল অব ইনডাকশনের ওপর ভিত্তি করে কাজ করে।
সাধারণত একটি ১.৫ ভোল্টের ব্যাটারি দিয়ে ৩ ভোল্টের এলইডি (LED) জ্বালানো সম্ভব নয়। তবে জোল থিফ সার্কিটটি ট্রানজিস্টরের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহকে খুব দ্রুত হারে চালু ও বন্ধ করে। এই প্রক্রিয়ায় ট্রান্সফরমারটি ভোল্টেজ বাড়িয়ে দেয়, যা দিয়ে ১.৫ ভোল্টের একটি নিস্তেজ ব্যাটারি ব্যবহার করেও ৩ ভোল্টের এলইডি বাতি জ্বালিয়ে রাখা যায়।
রেট অ্যালেন জানান, এটি কেবল একটি ল্যাবরেটরি পরীক্ষা নয়, বরং আধুনিক ফ্ল্যাশলাইটগুলোতেও ‘বুস্ট কনভার্টার’ নামক সার্কিটে এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়া সোলার প্যানেল থেকে ব্যাটারিতে চার্জ দেওয়ার ক্ষেত্রেও ভোল্টেজ বাড়ানোর জন্য এই একই পদ্ধতি কাজ করে।