যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রয়াত হলিউড অভিনেতা রবিন উইলিয়ামসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করেছেন তার সন্তানরা। বাবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে তার কণ্ঠ ও প্রতিচ্ছবির অপব্যবহার রুখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জ্যাক, জেল্ডা ও কোডি উইলিয়ামস। তাদের মতে, এটি বাবার প্রকৃত স্মৃতি ও কাজগুলো তুলে ধরার একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করবে।
২০১৪ সালে মৃত্যুর পর থেকে অ্যাকাউন্টটি অকার্যকর ছিল। তবে বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে তারকাদের এআই ডিপফেক বা জালিয়াতি বেড়ে যাওয়ায় সন্তানদের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জেল্ডা উইলিয়ামস জানিয়েছেন, বাবার পুরোনো প্রোফাইলটিকে একটি নিরাপদ স্থানে পরিণত করা হচ্ছে, যেখানে ভক্তরা তার আসল ভিডিও ও ছবি দেখতে পাবেন।
কেন এই উদ্যোগ
গত বছর থেকেই নিজের বাবার এআই-জেনারেটেড ভিডিও প্রচারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন জেল্ডা। তিনি এআই প্রযুক্তির মাধ্যমে মৃত মানুষের ব্যক্তিত্বকে বিকৃত করার বিষয়টিকে অমানবিক বলে অভিহিত করেন। অনেক ক্ষেত্রেই তারকাদের অনুমতি ছাড়াই এআই ব্যবহার করে স্ক্যাম বা আপত্তিকর কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা ঠেকাতে এই সক্রিয়তা একটি পাল্টা ব্যবস্থা হিসেবে কাজ করবে।
এআই প্রযুক্তির ঝুঁকি
বর্তমানে ওপেনএআই বা গ্রোকের মতো প্ল্যাটফর্মে তারকাদের এআই সংস্করণ ব্যবহার করে নানা বিতর্কিত কনটেন্ট তৈরির অভিযোগ উঠছে। এর আগে টেইলর সুইফট বা রিহানার মতো তারকাদের এআই অপব্যবহার করে প্রতারণা চালানোর ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে নিজের বাবার স্বকীয়তা ও হাস্যরস অক্ষুণ্ণ রাখতে পরিবারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ভক্তরা।