ভারতের চেন্নাইয়ে তামিল তারকা ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের বিদায়ী চলচ্চিত্র ‘জন নায়াগন’ মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ২৫৫ কোটি রুপির বেশি আয় করেছে। স্যাকনিলকের তথ্য অনুযায়ী, প্রথম সাত দিনে ছবিটি ভারতের বাজারে প্রায় ১৪৯ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে। অভিনয় ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে মনোনিবেশ করার আগে এটি অভিনেতার শেষ সিনেমা হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সপ্তম দিনে আয়
মুক্তির সপ্তম দিনে অর্থাৎ বুধবার ভারতে ছবিটি প্রায় ৬ কোটি ১০ লাখ রুপি আয় করেছে। এর মধ্যে তামিল সংস্করণ থেকে ৪ কোটি ৬০ লাখ রুপি, হিন্দি থেকে ১ কোটি রুপি এবং তেলেগু সংস্করণ থেকে ৫০ লাখ রুপি এসেছে। সপ্তাহের মাঝামাঝি হওয়ায় মঙ্গলবার ৮ কোটি রুপির তুলনায় বুধবার আয় কিছুটা কমেছে, যা স্বাভাবিক প্রবণতা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
চলমান পরিস্থিতি
বর্তমানে সারা ভারতে ১০ হাজার ৩৫৯টি শোতে প্রদর্শিত হচ্ছে এই অ্যাকশনধর্মী ছবিটি। বুধবার তামিল সংস্করণটির সামগ্রিক আসন দখলের হার ছিল ২০.৭৫ শতাংশ। সন্ধ্যা ও রাতের শোতে দর্শকদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।
নিমার্ণ ও অভিনয়শিল্পী
এইচ ভিনোথ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছে কেভিএন প্রোডাকশন। সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসার, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি। প্রথম সপ্তাহের সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় আরও বাড়বে বলে আশা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।