বাংলাদেশের ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য চার ব্যান্ডের ‘সকারামা’ কনসার্ট সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ব্যান্ড চিরকুটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত আয়োজনটি বড় পরিসরে করা, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, নিরাপত্তা এবং রাত ৮টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পূর্বনির্ধারিত এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড জানিয়েছে, খুব দ্রুতই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।
ফুটবল ও সংগীতের মেলবন্ধন নিয়ে আয়োজিত এই কনসার্টে আর্জেন্টাইন ফুটবল তারকা ক্যানিজিয়ার উপস্থিত থাকার কথা ছিল। আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট স্থগিত হলেও ক্যানিজিয়ার সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এই আয়োজনে চিরকুট ছাড়াও আর্টসেল, নেমেসিস এবং অড সিগনেচার ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। এরই মধ্যে টিকিফাই প্ল্যাটফর্মে তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছিল, যা এখন স্থগিত রয়েছে।