যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক লেখক সাইমন হিল নিজ বাসভবনে উইন্ডো ক্লিনিং রোবট পরীক্ষা করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন। তিনি ইকোভ্যাক্স উইনবট ডব্লিউ২এস ওমনি মডেলের রোবটটি ব্যবহার করার পর জানিয়েছেন যে, এই ধরনের প্রযুক্তি সাধারণ মানুষের ব্যবহারের জন্য এখনো কার্যকর নয় এবং তিনি এটি ব্যবহারের পরামর্শ দেবেন না।
পরীক্ষামূলক ব্যবহারের শুরুতে রোবটটির ডিজাইন এবং প্রাথমিক সেটআপ হিলের কাছে ভালো লেগেছিল। আধুনিক ও বড় আকারের জানালার ক্ষেত্রে এটি শুরুতে মোটামুটি কাজ করলেও, ভিক্টোরিয়ান আমলের ঐতিহ্যবাহী জানালার ক্ষেত্রে এটি চরম ব্যর্থতার পরিচয় দেয়। জানালার হাতল বা খাঁজে আটকে যাওয়া, কোণায় ময়লা রেখে দেওয়া এবং কাচের ওপর দাগ ফেলে দেওয়ার মতো একাধিক সমস্যা লক্ষ্য করা গেছে।
সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা হয়েছে বাড়ির ওপর তলার জানালা পরিষ্কার করার সময়। রোবটটি জানালার উপরের অংশে আটকে গিয়ে সংকেত দেওয়া শুরু করলে তা উদ্ধার করা হিলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। রোবটটিকে নামাতে গিয়ে তাকে বিপজ্জনকভাবে জানালার বাইরে ঝুকতে হয়, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারতো।
হিলের মতে, এই রোবটগুলো ব্যবহারের পেছনে সময় ব্যয় করার চেয়ে নিজে হাতে জানালা পরিষ্কার করা অনেক সহজ এবং দ্রুততর। এগুলো বারবার প্যাড পরিবর্তন, সলিউশন রিফিল করা এবং রোবটের গতিবিধি তদারকি করার জন্য মানুষকে সবসময় পাশে থাকতে হয়। এছাড়া এগুলো প্রচুর শব্দ করে এবং সাধারণ ময়লা পরিষ্কার করতে পারলেও জেদি দাগ বা পাখির বিষ্ঠা দূর করতে ব্যর্থ হয়।
পরিশেষে, সাইমন হিলের অভিমত, অত্যন্ত উঁচু ফ্ল্যাট বা যেখানে জানালা পরিষ্কারের কোনো বিকল্প নেই, কেবল সেখানেই এটি সীমিত পরিসরে কাজে আসতে পারে। তবে সাধারণ গৃহস্থালির ক্ষেত্রে এই ধরনের উইন্ডো ক্লিনিং রোবট কেনা অর্থের অপচয় এবং অহেতুক ঝামেলার কাজ বলে তিনি মনে করেন।