যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সংগীত পরিচালক ও প্রযোজক শাহরিয়ার আহমেদ সাজ ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নের জন্য তার নতুন বাদ্যযন্ত্রনির্ভর গান ‘অ্যাঞ্জেলস শাওয়ার’ জমা দিতে যাচ্ছেন। আন্তর্জাতিক সংগীত অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এই অর্জনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
গ্র্যামি অ্যাওয়ার্ডের দৌড়ে এটি সাজের দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০২১ সালেও তার তৈরি ‘ডেথ অ্যাঞ্জেল’ গানটি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নের জন্য জমা দেওয়া হয়েছিল।
সংগীত ক্যারিয়ার ও পটভূমি
দীর্ঘদিন ধরে সংগীতচর্চায় যুক্ত সাজ ২০১২ সালে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান কেএমএমসি বাংলাদেশে চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘মৃত্তিকা মায়া’-র সংগীতের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। বর্তমানে নিউইয়র্কে ব্যবসার পাশাপাশি সংগীতের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংগীত প্ল্যাটফর্ম ‘আমেরিকা’স হিটমেকার’-এর শীর্ষ পাঁচ শিল্পীর তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন এই সংগীত পরিচালক। তার এই ধারাবাহিক সাফল্য আন্তর্জাতিক সংগীতাঙ্গনে তার অবস্থানকে আরও সুদৃঢ় করছে।