যুক্তরাষ্ট্রের বেলভিউতে অবস্থিত গেম ডেভেলপার প্রতিষ্ঠান ভালভ তাদের নতুন ভিআর হেডসেট ‘স্টিম ফ্রেম’ নিয়ে আটটি নির্দেশনামূলক ভিডিও ভুলবশত প্রকাশ করেছে। এআরএম স্টিম ক্লায়েন্ট আপডেটের মাধ্যমে এই ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যা পরে ব্যবহারকারীরা সংগ্রহ করে শেয়ার করেন। হেডসেটটি ব্যবহারের নিয়ম, ফিটিং এবং সাইন-ইন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ ধারণা দিতেই মূলত এই ভিডিওগুলো তৈরি করা হয়েছিল।
ভিডিওগুলোতে স্টিম ফ্রেম হেডসেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এর মধ্যে সাইন-ইন প্রক্রিয়ার ভিডিওটি বেশ কৌতূহল উদ্দীপক, যেখানে কিউআর কোড স্ক্যান করে লগইন করার পদ্ধতি দেখানো হয়েছে। এছাড়া হেডসেটটি কীভাবে পরতে হবে এবং এর সাথে থাকা আনুষঙ্গিক যন্ত্রাংশের ব্যবহার নিয়েও বিস্তারিত তথ্য রয়েছে। ভিডিওগুলোতে ইন্টারপিউপিলারি ডিসট্যান্স (আইপিডি) হুইল, কন্ট্রোলারের হ্যান্ড স্ট্র্যাপ, বাড়তি সাপোর্ট স্ট্র্যাপ এবং লাইট ব্লকারের মতো বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে।
হেডসেটের ফেস গ্যাসকেট এবং আই স্পেসারগুলো চুম্বকের সাহায্যে যুক্ত থাকে, যা ব্যবহারের সুবিধার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ডিভাইসের চার্জিং পোর্টটি হেড স্ট্র্যাপের পেছনের ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত।
স্টিম ফ্রেম হেডসেটটি চলতি গ্রীষ্মে বাজারে আসার কথা রয়েছে। তবে র্যামের সংকটের কারণে ডিভাইসটির দাম অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টিম ফ্রেম হেডসেটে ১৬ জিবি র্যাম অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ভালভ তাদের স্টিম মেশিন এবং স্টিম কন্ট্রোলার বাজারে এনেছিল, যার মধ্যে স্টিম মেশিনের বেস মডেলের দাম ১,০৪৯ ডলার নির্ধারণ করা হয়েছিল।