যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত অ্যানিমে এনওয়াইসি কনভেনশনে নেটফ্লিক্স তাদের আসন্ন অ্যানিমে সিরিজের বিশাল সম্ভার নিয়ে হাজির হয়েছে। বৃহস্পতিবার কনভেনশনের প্রথম দিনে স্ট্রিমিং জায়ান্টটি ব্লু আই সামুরাই সিজন ২ এবং সাইবারপাঙ্ক: এজ রানার্স ২-সহ মোট সাতটি শিরোনামের ট্রেইলার ও নতুন তথ্য প্রকাশ করেছে। চার দিনব্যাপী এই কনভেনশনে প্যানেল আলোচনা, এক্সিবিট এবং বিভিন্ন সিরিজের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
সাইবারপাঙ্ক: এজ রানার্স ২
জনপ্রিয় এই সিরিজটি ২০ অক্টোবর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে। ১০ পর্বের এই নতুন সিজনটি সাইবারপাঙ্ক ২০৭৭ মহাবিশ্বের পটভূমিতে নির্মিত হয়েছে। চার বছর আগে প্রথম সিজন মুক্তির পর নতুন এই কিস্তিতে আরও বেশি অ্যাকশন ও প্রতিশোধের গল্প দেখা যাবে।
ব্লু আই সামুরাই সিজন ২
মিজুর প্রতিশোধের গল্পের পরবর্তী অংশ দেখা যাবে ২০২৭ সালের জানুয়ারিতে। ছয় পর্বের এই নতুন সিজনটি লন্ডনকে কেন্দ্র করে আবর্তিত হবে। নেটফ্লিক্স এরই মধ্যে সিরিজের মুক্তির তারিখ নিশ্চিত করে একটি টিজার প্রকাশ করেছে।
ব্যাস এক্স মেশিন (Bass x Machina)
৩ নভেম্বর মুক্তি পেতে যাওয়া এই নতুন স্টেমপাঙ্ক অ্যানিমে সিরিজে জেনেল মনে, ব্রায়ান টাইরি হেনরি ও টাটি গ্যাব্রিয়েলের মতো তারকারা কণ্ঠ দিয়েছেন। পশ্চিমা আবহে নির্মিত এই গল্পে অতিপ্রাকৃত ও সাই-ফাই উপাদানের সংমিশ্রণ দেখা যাবে।
ফুল নাইট (Fool Night)
কাসুমি ইয়াসুদার ম্যাঙ্গা অবলম্বনে নির্মিত এই সিরিজটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। অক্সিজেনের সংকটে পড়া ভবিষ্যতের পৃথিবীতে টিকে থাকার লড়াইকে ঘিরে এই গল্পের পটভূমি।
সাকামোতো ডেইজ সিজন ২
অবসরপ্রাপ্ত হিটম্যান তারো সাকামোতোর নতুন অভিযান নিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে আসছে সাকামোতো ডেইজ-এর দ্বিতীয় সিজন।
ওয়ান পিস ও লেগো ওয়ান পিস
নেটফ্লিক্স তাদের লাইভ-অ্যাকশন ওয়ান পিস সিরিজের আদলে লেগো ওয়ান পিস নামের দুই পর্বের একটি বিশেষ সংস্করণ ২৯ সেপ্টেম্বর মুক্তি দিচ্ছে। পাশাপাশি, উইট স্টুডিওর সাথে যৌথ প্রযোজনায় দ্য ওয়ান পিস নামের নতুন একটি অরিজিনাল অ্যানিমে সিরিজের কাজ চলছে, যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।