যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের বুকে নতুন তৈরি হওয়া একটি গর্তের ছবি প্রকাশ করেছে, যা গত ৫ আগস্ট স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের একটি পরিত্যক্ত অংশ আছড়ে পড়ার ফলে সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি মহাকাশ গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে চাঁদের ভূগর্ভস্থ নতুন উপাদান সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে।
চাঁদের কক্ষপথে থাকা নাসার লুনার রিকনসাঁ অরবিটার (এলআরও) ১১ থেকে ১২ আগস্টের মধ্যে এই গর্তটির ছবি তোলে। রকেটটির এই অংশটি ২০২৫ সালের জানুয়ারি মাসে ফায়ারফ্লাই ব্লু গোস্ট ১ মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল। গর্তটি প্রায় ৬০ ফুট চওড়া এবং ১০ ফুটেরও কম গভীর বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গর্তের চারপাশে উজ্জ্বল এবং অন্ধকারাচ্ছন্ন ধ্বংসাবশেষের রেখা দেখা গেছে। অন্ধকার রেখাগুলো মূলত চাঁদের পৃষ্ঠের ধুলোবালি ও শিলা, যা দীর্ঘ সময় ধরে মহাজাগতিক রশ্মি ও উল্কাপাতের কারণে পরিবর্তিত হয়েছে। অন্যদিকে, গর্তের কিনারে উজ্জ্বল রেখাগুলো ভূগর্ভ থেকে উঠে আসা নতুন উপাদানের অস্তিত্ব নিশ্চিত করে।
এই গর্তের অবস্থান শনাক্ত করতে আন্তর্জাতিকভাবে নাসা এবং দক্ষিণ কোরিয়ার ডানুড়ি মিশনের গবেষকরা যৌথভাবে কাজ করেছেন। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ রকেটের গতিপথ বিশ্লেষণ করে প্রভাবের সম্ভাব্য স্থান নির্ধারণ করে, যা পরে ডানুড়ি মিশনের উচ্চ-রেজোলিউশন ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষকরা গর্তটির কেন্দ্রবিন্দু ১৯.৪৭৫৯° উত্তর এবং ২৬৬.৭৬৩৮° পূর্ব দ্রাঘিমাংশে চিহ্নিত করেছেন।