যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর সংবাদ মাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল কারপ্লে ব্যবহার করার সময় সিরি ঠিকমতো কাজ না করলে তার পেছনে বিভিন্ন প্রযুক্তিগত কারণ থাকতে পারে। কারপ্লেতে ম্যাপ বা মিউজিক অ্যাপ ঠিকঠাক চললেও মাঝেমধ্যে সিরি সাড়া দিতে ব্যর্থ হয়, যা অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অ্যাপলের মতে, এই সমস্যা কেবল সিরির নয়, বরং আইফোনের সেটিংস, কারপ্লে সংযোগ অথবা গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের অসামঞ্জস্যতার কারণেও হতে পারে।
প্রাথমিক পরীক্ষা
সিরি সাড়া না দিলে প্রথমেই আইফোনের সেটিংস যাচাই করা জরুরি। অ্যাপলের পরামর্শ অনুযায়ী, ফোনের সেটিংস থেকে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি অপশনে গিয়ে ‘সিরি’ বা ‘হে সিরি’ অপশনটি বন্ধ করে পুনরায় চালু করলে অনেক সময় সমস্যার সমাধান হয়। এছাড়া ফোন লক থাকা অবস্থায় সিরি নিষ্ক্রিয় আছে কিনা বা স্ক্রিন টাইম সেটিংসে কারপ্লে ব্যবহারের অনুমতি রয়েছে কিনা, তাও নিশ্চিত করতে হবে। সিরি সঠিকভাবে কাজ করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন, তাই ভিপিএন ব্যবহার করলে সেটি সাময়িকভাবে বন্ধ করে পরীক্ষা করা উচিত।
সংযোগ ও কারপ্লে সংক্রান্ত সমস্যা
যদি আইফোনে সিরি স্বাভাবিক কাজ করে কিন্তু গাড়িতে না করে, তবে সংযোগে সমস্যা থাকার সম্ভাবনা বেশি। তারযুক্ত কারপ্লের ক্ষেত্রে ইউএসবি কেবল পরিবর্তন করে অন্য পোর্টে চেষ্টা করা যেতে পারে। ওয়্যারলেস কারপ্লের ক্ষেত্রে ব্লুটুথ ও ওয়াইফাই সংযোগ সচল আছে কিনা তা যাচাই করতে হবে। আইফোন ও গাড়ি উভয়ই রিস্টার্ট করা এবং কারপ্লে সেটিংস থেকে গাড়িটিকে ‘ফরগেট’ করে পুনরায় পেয়ার করা কার্যকর হতে পারে।
গাড়ির সফটওয়্যার ও ভলিউম সেটিংস
অনেক ক্ষেত্রে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের পুরোনো ফার্মওয়্যারের কারণেও এমন ত্রুটি দেখা দিতে পারে। সেক্ষেত্রে গাড়ি নির্মাতার সহায়তায় ফার্মওয়্যার আপডেট করা প্রয়োজন। এছাড়া সিরির আওয়াজ শোনা না গেলে, সিরি যখন কথা বলছে বা কমান্ড শোনার জন্য বাটন চেপে ধরা হয়েছে, তখন গাড়ির ভলিউম বাড়িয়ে দেখা উচিত। সিরি একেবারেই উত্তর না দিলে সেটিংস থেকে ‘প্রিফার স্পোকেন রেসপন্সেস’ অপশনটি চালু করা আছে কিনা তা নিশ্চিত করতে হবে।