যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গাড়ি চালানোর সময় অ্যাপল কারপ্লে ব্যবহারের ক্ষেত্রে সিরির অনবরত বাধা চালকের মনোযোগ নষ্ট করতে পারে। বেন স্টেগনারের মতে, গান বা পডকাস্ট শোনার সময় সিরির হঠাৎ নোটিফিকেশন পড়া বা অপ্রয়োজনীয় বার্তায় সাড়া দেওয়া চালকের জন্য বিপজ্জনক হতে পারে। কারপ্লে সচল রাখতে সিরি পুরোপুরি বন্ধ করার সুযোগ না থাকলেও, সেটিংসের কিছু পরিবর্তনের মাধ্যমে এর বিরক্তি কমানো সম্ভব।
ড্রাইভিং ফোকাস মোড ব্যবহার
গাড়ি চালানোর সময় সিরিকে শান্ত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো ড্রাইভিং ফোকাস মোড চালু করা। আইফোনের সেটিংস থেকে ড্রাইভিং ফোকাস সক্রিয় করলে নির্দিষ্ট কিছু মানুষের জরুরি বার্তা বা কল ছাড়া অন্য সব নোটিফিকেশন বন্ধ থাকে। ‘অটো-রিপ্লাই’ অপশনটি চালু থাকলে চালক গাড়ি চালানোর সময় ব্যস্ত রয়েছেন তা স্বয়ংক্রিয়ভাবে প্রেরককে জানিয়ে দেওয়া হয়। কারপ্লে যুক্ত করার সাথে সাথে যাতে এই মোডটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, সেটি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিরির ইন্টারাপশন বা বাধা কমানো
নোটিফিকেশন আসা সত্ত্বেও সিরি যাতে বারবার কথা না বলে, সেজন্য আইফোনের সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে গিয়ে ‘অ্যানাউন্স নোটিফিকেশন’ বন্ধ রাখা যেতে পারে। এছাড়া ‘রিপ্লাই উইদাউট কনফার্মেশন’ অপশনটি চালু করলে সিরি বার্তা পাঠানোর আগে পুনরায় তা পড়ে শোনানোর প্রয়োজন মনে করবে না, যা সময় বাঁচাবে। পাশাপাশি, রাস্তার আওয়াজে সিরি যাতে বিভ্রান্ত না হয়, সেজন্য ‘রিকোয়্যার সিরি ফর ইন্টারাপশন’ অপশনটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
নেভিগেশন নির্দেশনার নিয়ন্ত্রণ
অ্যাপল ম্যাপস, ওয়েজ বা গুগল ম্যাপস ব্যবহারের সময় নেভিগেশনের কথা বারবার বাধা দিলে অ্যাপের সেটিংস থেকে স্পিকার আইকন ব্যবহার করে ভয়েস গাইডেন্স বন্ধ বা সীমিত করা সম্ভব। এর মাধ্যমে চালক প্রয়োজন অনুযায়ী কেবল জরুরি সতর্কবার্তাগুলো শুনতে পারেন। গুগল ম্যাপসের ক্ষেত্রে ‘প্লে অ্যালার্টস ইভেন হোয়াইল মিউটেড’ অপশনটি চালু রাখা যেতে পারে, যা অডিও বিনোদন বন্ধ না করেই প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে সহায়তা করে।