যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত প্রযুক্তি স্টার্টআপ রিলে কিউবোর্ড ছাড়াই কম্পিউটার বা স্মার্টফোনে কাজ করার জন্য একটি বিশেষ এআই চালিত মাইক্রোফোন তৈরির ঘোষণা দিয়েছে। নথিং কোম্পানির সাবেক দুই কর্মী কুকি সু ও রেমন্ড ঝু এই উদ্ভাবনী প্রকল্পটি শুরু করেছেন। মূলত কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কিবোর্ড ব্যবহারের ক্লান্তি দূর করা এবং কণ্ঠস্বরের মাধ্যমে নির্বিঘ্নে মানুষের সাথে কম্পিউটারের যোগাযোগ স্থাপন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
রিলে কিউ নামে পরিচিত এই হার্ডওয়্যারটি ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসবে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারী খুব নিচু স্বরে ফিসফিস করে কথা বললেও মাইক্রোফোনটি তা স্পষ্টভাবে গ্রহণ করতে পারে। অফিসের পরিবেশে স্বাভাবিক ভলিউমে কথা বলা অনেক সময় অসুবিধাজনক হওয়ায় এই বিশেষ হার্ডওয়্যারটির প্রয়োজনীয়তা অনুভব করেছেন এর নির্মাতারা।
বর্তমানে রিলের সফটওয়্যারটি ম্যাকওএস-এর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি গুগলের জেমিনি মডেল দ্বারা পরিচালিত, যা কণ্ঠস্বরকে টেক্সটে রূপান্তর করার পাশাপাশি বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন স্ল্যাক বা গুগল ক্যালেন্ডারে স্বয়ংক্রিয় কমান্ড পালন করতে পারে। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট যোগাযোগের ধরন অনুযায়ী মেসেজের ভাষা বা আনুষ্ঠানিকতা নির্ধারণ করতে পারবেন।
গোপনীয়তার বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, ডেটা ব্যবহারকারীর ডিভাইসেই সংরক্ষিত থাকে। প্রসেসিংয়ের সময় তা রিলের সার্ভারের মাধ্যমে গুগলের সার্ভারে গেলেও কোম্পানিটি গ্রাহকের কোনো তথ্য সংরক্ষণ করে না। ভবিষ্যতে উইন্ডোজ, আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও এর সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে।
রিলে কিউ মাইক্রোফোনটির মূল্য ১৫০ ডলার নির্ধারণ করা হয়েছে, যার সাথে এক বছরের সফটওয়্যার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। তবে হার্ডওয়্যার ছাড়াও আলাদাভাবে সফটওয়্যারটি মাসিক ফি দিয়ে ব্যবহার করা সম্ভব হবে।