যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডনেট-এর প্রতিবেদক প্রখর খান্না স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার মতে, ফোনের ক্যামেরা থেকে সেরা আউটপুট পেতে ডিফল্ট সেটিংসের ওপর পুরোপুরি নির্ভর না করে কিছু পরিবর্তন করা জরুরি। তিনি ক্যামেরা ব্যবহারের সক্ষমতা বাড়াতে মূলত চারটি সেটিংস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।
ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করা
প্রখর খান্নার মতে, ক্যামেরার ডিফল্ট প্রসেসিং ও পারফরম্যান্সের ওপর নিয়ন্ত্রণ পেতে স্যামসাংয়ের ‘ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট’ অ্যাপটি ব্যবহার করা জরুরি। এটি ক্যামেরা সেটিংসে গিয়ে সহজে ইনস্টল করা যায়, যা ব্যবহারকারীকে অনেক নতুন ও গুরুত্বপূর্ণ সেটিংস ব্যবহারের সুযোগ করে দেয়।
২৪ মেগাপিক্সেল মোড সেট করা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ক্যামেরা ডিফল্টভাবে ১২ মেগাপিক্সেল মোডে ছবি তোলে। তবে প্রখর খান্না ছবি আরও স্পষ্ট ও ডিটেইলড পেতে ক্যামেরার রেজোলিউশন ২৪ মেগাপিক্সেল করার পরামর্শ দিয়েছেন। এতে ডিজিটাল জুম ব্যবহারের সময় ছবির মান ভালো থাকে এবং খুব বেশি স্টোরেজেরও প্রয়োজন হয় না। এটি ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট মেনু থেকে সক্রিয় করা সম্ভব।
ফটো সফেনিং বা নমনীয়তা ঠিক করা
কৃত্রিম আলোয় স্যামসাং ফোনের ক্যামেরা অনেক সময় স্কিন টোনকে অতিরিক্ত শার্প করে ফেলে। এটি এড়াতে ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের ‘ফটো সফেনিং’ সেটিংসে গিয়ে ‘মিডিয়াম’ বা ‘হাই’ অপশন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ছবির ত্বক আরও স্বাভাবিক ও সাবলীল দেখায়।
কম্পোজিশন অ্যাসিস্ট্যান্সের ব্যবহার
ফোনের ১৬:১০ আসপেক্ট রেশিওতে ছবি তোলার সময় সাবজেক্ট সঠিকভাবে সাজাতে গ্রিড লাইন এবং লেভেলার ব্যবহার করা কার্যকর। ক্যামেরা সেটিংস থেকে ‘কম্পোজিশন গাইড’ অপশনে গিয়ে এই ফিচারগুলো চালু করা যায়। এতে ছবি বাঁকা হওয়ার ভয় থাকে না এবং হরাইজন লাইন ঠিক রাখা সহজ হয়।
প্রখর খান্নার মতে, সাধারণ ডিফল্ট সেটিংসেও ফোনটি ভালো ছবি তোলে, তবে এই ছোট ছোট পরিবর্তনগুলো ব্যবহারকারীদের আরও পেশাদার মানের ছবি তুলতে সহায়তা করবে।