যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক পোর্টাল জেডডিনেট-এর জ্যেষ্ঠ সম্পাদক অ্যাড্রিয়ান কিংসলে-হিউজেস তার সাম্প্রতিক পর্যালোচনায় ‘কমুলিটিক নোট প্রো এআই’ (Comulytic Note Pro AI) ভয়েস রেকর্ডারের কার্যকারিতা তুলে ধরেছেন। ডিভাইসটি ব্যবহারকারীর ব্যক্তিগত চিন্তা, মিটিং বা আলোচনার বিষয়বস্তু রেকর্ড ও এআই-এর মাধ্যমে গুছিয়ে রাখতে সাহায্য করে। এটি মূলত তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা হাতের লেখায় বা টাইপিংয়ের পরিবর্তে দ্রুত ভয়েস ডিক্টেশন ও ট্রান্সক্রিপশনের মাধ্যমে কাজ করতে পছন্দ করেন।
ডিভাইসটির গঠন ও সক্ষমতা
রেকর্ডারটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। মাত্র এক আউন্স ওজনের এই যন্ত্রে রয়েছে ট্রিপল-মাইক অ্যারে, যা ১৫ ফুট দূর পর্যন্ত শব্দ গ্রহণ করতে পারে। এতে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। একবার চার্জে এটি ৪৫ ঘণ্টা একটানা রেকর্ডিং এবং ১০৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা দেয়। এর ব্যবহারের পদ্ধতি বেশ সহজ, একটি বাটন চাপলেই রেকর্ডিং শুরু ও বন্ধ করা যায়।
অ্যাপ ও এআই সুবিধা
রেকর্ড করা অডিও প্রসেসিং করার জন্য এর সাথে একটি মোবাইল অ্যাপ রয়েছে। অ্যাপটি ব্যবহার করে ভয়েস থেকে টেক্সটে রূপান্তর বা ট্রান্সক্রিপশন করা যায়। এর সাধারণ সংস্করণটি বিনামূল্যে পাওয়া গেলেও, উন্নত সারসংক্ষেপ বা এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হয়।
ব্যবহারকারীর অভিজ্ঞতা
দীর্ঘ দুই মাস ব্যবহারের অভিজ্ঞতায় কিংসলে-হিউজেস জানিয়েছেন, ডিভাইসটির স্পিচ-টু-টেক্সট নির্ভুলতা বেশ ভালো। তবে একাধিক বক্তার ক্ষেত্রে আলাদাভাবে শনাক্ত করার বিষয়টি কিছুটা অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া প্রোপাইটরি চার্জিং ক্যাবল ব্যবহারের সীমাবদ্ধতা এবং অ্যাপের অতিরিক্ত সাবস্ক্রিপশন প্রচারণার দিকটি ব্যবহারকারীর জন্য বিরক্তিকর হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
সতর্কতা ও প্রাইভেসি
প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও আইনগত বিষয়গুলো মাথায় রাখা জরুরি। বিশেষ করে জনসমক্ষে ভয়েস রেকর্ড করার সময় সম্মতি বা কনসেন্ট পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। এছাড়া এআই-এর ক্রমবর্ধমান ব্যবহারের ফলে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা ওয়াটারমার্ক নিয়ে ভবিষ্যতে বিভিন্ন প্ল্যাটফর্মে কঠোর নীতিমালা আসার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।