যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের একদল গবেষক একটি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করেছেন যে, স্থূলতা ও প্রি-ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিটোজেনিক বা কিটো ডায়েট লিভারের চর্বি কমাতে অনন্য ভূমিকা রাখে। সেল মেটাবলিজম জার্নালে প্রকাশিত এই গবেষণায় নেতৃত্বদানকারী স্যামুয়েল ক্লেইন জানান, কেবল ওজন কমানো নয়, কার্বোহাইড্রেট গ্রহণের পরিমাণ কমিয়ে আনা বিপাকীয় স্বাস্থ্য উন্নত করতে অত্যন্ত কার্যকর।
গবেষণাটিতে ৪২ জন অংশগ্রহণকারীকে তিনটি ভাগে ভাগ করে কিটো ডায়েট, মেডিটেরানিয়ান ডায়েট এবং স্বল্প চর্বিযুক্ত ডায়েট অনুসরণ করানো হয়। চার থেকে পাঁচ মাস ধরে চলা এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের ওজন প্রায় ১০ শতাংশ হ্রাস পায়। তবে কিটো ডায়েট অনুসরণকারীদের লিভারের চর্বি ৬৭ শতাংশ পর্যন্ত কমেছে, যেখানে অন্যান্য ডায়েট অনুসরণকারীদের ক্ষেত্রে এই হার ছিল ৪৫ শতাংশ।
গবেষণার প্রধান লেখক ম্যাক্স পিটারসেন জানান, কিটো ডায়েট অনুসরণ করা অর্ধেক অংশগ্রহণকারীর প্রি-ডায়াবেটিসের সমস্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। মজার বিষয় হলো, বেশি পরিমাণে চর্বিযুক্ত খাবার গ্রহণের পরেও কিটো ডায়েট অনুসরণকারীদের রক্তে কোলেস্টেরল বা চর্বির মাত্রা বাড়েনি। এই ফলাফলটি স্থূলতা এবং লিভারের জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডায়েটের গুরুত্বকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।