ঢাকাWednesday , 2 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ওয়েবসাইটে সাইন আপের সময় আসল ইমেইল গোপন রাখবে ব্রেভ ব্রাউজার


September 1, 2026 11:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ব্রেভ ব্রাউজার তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় নতুন একটি ‘ইমেইল এলিয়াস’ ফিচার চালু করেছে। ব্রেভ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করার সময় ব্যবহারকারীরা তাদের আসল ইমেইল ঠিকানার বদলে ব্রেভের তৈরি করা ছদ্মনাম ব্যবহার করতে পারবেন। এই ছদ্মনাম ব্যবহার করে পাওয়া সব মেইল স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর মূল ইনবক্সে চলে আসবে।

বিভিন্ন ওয়েবসাইটে ইমেইল ঠিকানা ব্যবহারের ফলে তথ্য ফাঁস বা ফিশিং স্ক্যামের শিকার হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া গুগল, মেটা এবং লিংকডইনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীর ইমেইল ব্যবহার করে তাদের অনলাইন কর্মকাণ্ড ট্র্যাক করতে পারে। ব্রেভের প্রাইভেসি ও সিকিউরিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট শিভন সাহিব জানান, এই ফিচারের মাধ্যমে তারা ব্রাউজারের বাইরেও গ্রাহকের গোপনীয়তা নিশ্চিত করতে চান।

নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীদের প্রথমে একটি ফ্রি ব্রেভ অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ব্রাউজারের সেটিংস অপশন থেকে পাঁচটি পর্যন্ত ফ্রি ডামি ইমেইল ঠিকানা তৈরি করা যাবে। কোনো ওয়েবসাইটে ইমেইল ফিল্ডে মাউসের ডান ক্লিক করলেই এই এলিয়াস ব্যবহারের অপশন পাওয়া যাবে।

ব্রেভ কর্তৃপক্ষ জানিয়েছে, ইমেইল এলিয়াসের জন্য ব্যবহৃত তথ্যগুলো এনক্রিপটেড অবস্থায় থাকে এবং তারা ব্যক্তিগত ইমেইলের বিষয়বস্তু পড়ে না। স্প্যাম এবং ভাইরাস ফিল্টারিংয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণ শেষে মেইলগুলো দ্রুত সার্ভার থেকে মুছে ফেলা হয়। বর্তমানে ফিচারটি বিনামূল্যে ব্যবহার করা গেলেও ভবিষ্যতে প্রিমিয়াম গ্রাহকদের জন্য আরও উন্নত সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।