যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউতে অবস্থিত গুগল কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার বিভিন্ন উপায় সম্পর্কে নির্দেশনা দিয়েছে। বর্তমান সময়ে এআই-চালিত জালিয়াতি ও ম্যালওয়্যার আক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় ফোন সুরক্ষায় এসব ফিচারের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সফটওয়্যার আপডেট রাখা
নিরাপত্তা ঝুঁকি এড়াতে ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো নিয়মিত আপডেট করা সবচেয়ে সহজ উপায়। সেটিংস থেকে অ্যান্ড্রয়েড ভার্সন ও সিকিউরিটি প্যাচ চেক করা এবং প্লে-স্টোর থেকে অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার বিষয়টি নিশ্চিত করা উচিত।
প্রাথমিক নিরাপত্তা ও ব্যাকআপ
গুগল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা জরুরি। এছাড়া ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় ব্যাকআপ সুবিধা এবং ‘ফাইন্ড হাব’ (Find Hub) ফিচারটি সক্রিয় রাখতে হবে, যাতে দূর থেকে ফোনের অবস্থান জানা বা তথ্য মুছে ফেলা সম্ভব হয়।
স্ক্যাম থেকে সুরক্ষা
অ্যান্ড্রয়েডের স্ক্যাম ডিটেকশন টুল ব্যবহার করে ক্ষতিকর কল বা মেসেজ শনাক্ত করা সম্ভব। এআই প্রযুক্তির মাধ্যমে ফোন অপরিচিত নম্বর থেকে আসা জালিয়াতির বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সতর্কতা দেয়। বর্তমানে কিছু স্মার্টফোনে এই সুবিধা থাকলেও গুগল পর্যায়ক্রমে অন্যান্য ডিভাইসেও এটি যুক্ত করছে।
গোপনীয়তা ব্যবস্থাপনা
অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় পারমিশনগুলো নিয়ন্ত্রণ করা উচিত। সেটিংসের পারমিশন ম্যানেজার ব্যবহার করে ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশনের মতো সংবেদনশীল তথ্যে কোন অ্যাপের প্রবেশাধিকার আছে তা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। ব্যবহার করা হয় না এমন অ্যাপের কার্যক্রম স্থগিত করে রাখা ফোনের নিরাপত্তা বাড়ায়।
বিজ্ঞাপন ও ক্ষতিকর অ্যাপ প্রতিরোধ
বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার অপশনটি সেটিংস থেকে বন্ধ করা যায়। এছাড়া ‘গুগল প্লে প্রটেক্ট’ ফিচারটি সবসময় চালু রাখতে হবে, যা ক্ষতিকর অ্যাপ বা ম্যালওয়্যার থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়। প্লে-স্টোরের বাইরের অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
চুরি প্রতিরোধ ব্যবস্থা
ফোন চুরি হওয়ার ঝুঁকি কমাতে অ্যান্ড্রয়েডের থিফট প্রোটেকশন ফিচার ব্যবহার করা যেতে পারে। এতে থাকা মোশন সেন্সর এবং অফলাইন ডিভাইস লক সুবিধা ফোন ছিনতাইয়ের সময় ডিভাইস লক করে দেয়, যা ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখতে সাহায্য করে।