যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইউনিভার্সিটি অব শিকাগো এবং আরগন ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা মেটাল নাইট্রাইড থেকে ন্যানোক্রিস্টাল তৈরির একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা এতদিন অসম্ভব বলে গণ্য করা হতো। গবেষকদলের দাবি, এই উদ্ভাবন এলইডি লাইট, মেডিকেল ইমপ্ল্যান্ট এবং সুপারকন্ডাক্টরের মতো প্রযুক্তিগুলোর উৎকর্ষ সাধনে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
ন্যানোক্রিস্টাল আধুনিক পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এতদিন নির্দিষ্ট কিছু পদার্থ থেকে এগুলো তৈরি করা সম্ভব হতো। মেটাল নাইট্রাইড অত্যন্ত শক্তিশালী এবং তাপ ও ক্ষয়রোধকারী হওয়ায় প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে। কিন্তু এর অত্যন্ত শক্তিশালী বন্ধনের কারণে এতদিন সেগুলোকে ন্যানোক্রিস্টালে রূপান্তর করা সম্ভব হচ্ছিল না।
গবেষণাটির প্রধান লেখক রুইমিং লিন জানান, প্রচলিত পদ্ধতিতে যেসব উপাদানের ন্যানোক্রিস্টাল তৈরি করা সম্ভব ছিল না, তাদের একটি সিরিজ তৈরির উপায় তারা খুঁজে বের করেছেন। এই প্রক্রিয়ায় গলিত লবণকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তাপমাত্রা ও অ্যামোনিয়া চাপের এক বিশেষ সমন্বয় বজায় রাখা হয়েছে। এই পদ্ধতিটি প্রচলিত ধারার সম্পূর্ণ বিপরীত হলেও তা সফলভাবে কাজ করেছে।
ইউনিভার্সিটি অব শিকাগোর কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক দিমিত্রি তালিপিনের মতে, এই পদ্ধতি ন্যানোমেটেরিয়াল হিসেবে নাইট্রাইডের ব্যবহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে গবেষকরা টাইটানিয়াম নাইট্রাইড, নিওবিয়াম নাইট্রাইড এবং মলিবডেনাম নাইট্রাইডের মতো উপাদান থেকে ন্যানোক্রিস্টাল তৈরি করতে সক্ষম হয়েছেন। এই সাফল্য নমনীয় ইলেকট্রনিক্স, প্রিন্টেবল ডিভাইস এবং বিভিন্ন ধরনের নমনীয় সরঞ্জামে মেটাল নাইট্রাইডের ব্যবহারকে আরও সহজতর করবে বলে আশা করা হচ্ছে।