জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬ প্রদর্শনীতে নতুন ভেরো ১৬ ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। নতুন এই ডিভাইসে মেরামতযোগ্যতা ও আপগ্রেড করার সুবিধার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বর্তমান বাজারে ল্যাপটপের যন্ত্রাংশের উচ্চমূল্য বিবেচনায় গ্রাহকদের দীর্ঘস্থায়ী সমাধান দিতেই এসার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নেরামযোগ্য ডিজাইন
ভেরো ১৬-এর নতুন সংস্করণে ব্যবহারকারীরা চাইলে নিজেই ল্যাপটপের ব্যাটারি বা এসএসডি পরিবর্তন করতে পারবেন। ল্যাপটপের নিচের কভার, হিঞ্জ এবং আই/ও পোর্ট কভারগুলো সহজেই খোলা যায়। এছাড়া এটি আগামী দুই প্রজন্মের প্রসেসর আপগ্রেড সমর্থন করবে। ব্যবহারকারীদের সহায়তার জন্য চ্যাসিসে একটি ভিজ্যুয়াল রিপেয়ার গাইডও খোদাই করা রয়েছে। এতে ওলেড ডিসপ্লে, ইন্টেল কোর আল্ট্রা এক্স৯ ৩৮৮এইচ প্রসেসর, ৩২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সুবিধা রয়েছে।
নতুন সুইফট ল্যাপটপ
ভেরো ১৬ ছাড়াও এসার তাদের সুইফট সিরিজের নতুন দুটি ল্যাপটপ এনেছে। ১৪ ইঞ্চির ‘সুইফট ব্লেড’ ল্যাপটপটি অত্যন্ত হালকা ও টেকসই, যা ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালয় এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি। এতে ইন্টেল কোর ৭ ৩৫০ ওয়াইল্ডক্যাট লেক প্রসেসর এবং ১ টেরাবাইট স্টোরেজ ব্যবহারের সুযোগ আছে। অন্যদিকে, সুইফট এয়ার ১৬ ল্যাপটপটি এর আগের মডেলের উন্নত সংস্করণ, যা ১৬ ইঞ্চি ডিসপ্লে এবং সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডিতে তৈরি।
পরবর্তী পদক্ষেপ
নতুন এই ল্যাপটপগুলোর বাজারমূল্য এবং কবে নাগাদ এগুলো বাজারে পাওয়া যাবে, সে বিষয়ে এসার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। প্রতিষ্ঠানটি আশা করছে, খুব শীঘ্রই এই তথ্যগুলো বিস্তারিত প্রকাশ করা হবে।