যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের সাবস্ক্রাইবারদের জন্য নতুন সাপ্তাহিক ধাঁধার বিশেষ আয়োজন চালু করেছে। প্রতিষ্ঠানের গেমিং বিভাগের প্রধান জোনাথন নাইট এই উদ্যোগের ঘোষণা দিয়ে জানিয়েছেন, জনপ্রিয় গেমগুলোর আদলে নতুন ও বৈচিত্র্যময় ধাঁধাগুলো তৈরি করা হয়েছে।
প্রতি বুধবার এই ধাঁধাগুলোর পাঁচ থেকে ছয়টি নতুন সংস্করণ প্রকাশ করা হবে। ওয়ার্ল্ডল (Wordle), স্ট্র্যান্ডস (Strands), কানেকশনস (Connections) এবং ক্রসওয়ার্ডের মতো পরিচিত গেমগুলোর কাঠামো ঠিক রেখে এতে নতুনত্ব যুক্ত করা হয়েছে।
নতুন ধাঁধাগুলোর মধ্যে রয়েছে ‘ওয়ার্ল্ডল ইন ১’, যেখানে পাঁচটি রাউন্ডে একটি করে ক্লু দেওয়া থাকবে। এছাড়া কানেকশনস ৩x৩, কালারফুল স্ট্র্যান্ডস, মিস্ট্রি মিনি এবং সহজ ক্রসওয়ার্ডের মতো গেমগুলোও এই তালিকার অন্তর্ভুক্ত।
জোনাথন নাইট জানান, নিয়মিত গেমগুলোর চেয়ে এগুলো কিছুটা ভিন্ন স্বাদের এবং খেলোয়াড়দের জন্য বাড়তি কোনো চাপের কারণ হবে না। যারা নিউইয়র্ক টাইমসের গেমস অথবা অল অ্যাক্সেস সাবস্ক্রিপশন ব্যবহার করেন, তারা আগামী কয়েক মাসের মধ্যে এই সুবিধা পাবেন। তবে বর্তমানে একটি প্রাথমিক সেট সবার জন্যই উন্মুক্ত রাখা হয়েছে, যা সাবস্ক্রিপশন ছাড়াই খেলা সম্ভব।