ভারতের ঘরোয়া ক্রিকেটে ২০২৬ সালের দিলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক হিসেবে ১৫ বছর বয়সী ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর নাম ঘোষণা করায় এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীপ দাশগুপ্ত। দলে উইকেটকিপার-ব্যাটার ইশান কিশানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন এই কিশোর। এই নিয়োগকে অনেকে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির সাহসী পদক্ষেপ হিসেবে দেখলেও, দীপ দাশগুপ্ত এর সময়োপযোগিতা নিয়ে আপত্তি জানিয়েছেন। তার মতে, প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার আগেই বৈভবকে এত বড় দায়িত্ব দেওয়া অনুচিত হয়েছে।
নিজের ইউটিউব চ্যানেলে দীপ দাশগুপ্ত এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, দলে অনুকুলের মতো আরও অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, যাদের এই নেতৃত্বের দায়িত্ব দেওয়া যেত। বৈভবের পরিপক্কতার প্রশংসা করলেও তিনি মনে করেন, লাল বলের ক্রিকেটে এখনই তাকে সহ-অধিনায়ক করার প্রয়োজন ছিল না।
বৈভবের প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, যিনি সবেমাত্র দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট খেলা শুরু করেছেন এবং এখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি, তাকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানো যুক্তিহীন। বৈভবের পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করে তিনি জানান, এখন পর্যন্ত মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০৭ রান করেছেন এই ব্যাটার, যেখানে তার গড় ১৭.২৫।
সমালোচনা সত্ত্বেও, আসন্ন দিলীপ ট্রফিতে বৈভব সূর্যবংশীর ওপর প্রত্যাশা অনেক বেশি। গত এক বছরে নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারলে তা যেমন ইস্ট জোনের শিরোপা জয়ের সম্ভাবনা বাড়াবে, তেমনি জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রেও বৈভবের পথ প্রশস্ত হতে পারে।