যুক্তরাজ্য এবং ইউরোপের বাজারে মাইক্রোসফটের এক্সবক্স গেম কনসোলের দাম ২০০ ইউরো বা ১৭০ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গেমারদের জন্য জনপ্রিয় এই কনসোলটির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এআই শিল্পের চাহিদার কারণে বিশ্বজুড়ে র্যাম ও স্টোরেজ ডিভাইসের সংকট তৈরি হওয়ায় উৎপাদন খরচ বাড়ার প্রভাব পড়েছে এই গেমিং ডিভাইসের ওপর।
কনসোল মডেলের ওপর ভিত্তি করে এই নতুন মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে। ১ টেরাবাইট ডিস্ক ড্রাইভসহ এক্সবক্স সিরিজ এক্স কনসোলটির দাম আগে ছিল ৪৯৯.৯৯ পাউন্ড বা ৫৯৯.৯৯ ইউরো, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৬৯.৯৯ পাউন্ড বা ৭৯৯.৯৯ ইউরোতে। এছাড়া ৫১২ গিগাবাইট এক্সবক্স সিরিজ এস কনসোলটির দাম ৪৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৪২৯.৯৯ পাউন্ড বা ৪৯৯.৯৯ ইউরো হয়েছে।
২০২৫ সালের মে মাস থেকে এ পর্যন্ত এটি এক্সবক্সের তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। বাজারে বিদ্যমান স্টোরেজ সংকটের কারণে মাইক্রোসফট তাদের ২ টেরাবাইটের মডেলটি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে অন্যান্য গেমিং কনসোলের তুলনায় মাইক্রোসফটের এই মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি নাটকীয় বলে মনে করছেন বিশ্লেষকরা।