ঢাকাFriday , 4 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শনির দক্ষিণ মেরুতে বিশাল দশভুজ আকৃতির রহস্যময় প্যাটার্নের সন্ধান


September 4, 2026 6:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গ্রিনবেল্টে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা শনি গ্রহের দক্ষিণ মেরুতে একটি বিশাল দশভুজাকৃতির বায়ুমণ্ডলীয় তরঙ্গের সন্ধান পেয়েছেন। নাসার হাবল স্পেস টেলিস্কোপের পাঠানো ছবিতে এই অদ্ভুত ও নতুন ধরনের গঠনটি ধরা পড়েছে। গবেষকরা বলছেন, শনির উত্তর মেরুতে থাকা বিখ্যাত সরভুজাকৃতির প্যাটার্নের বিপরীতে এটি একটি বড় ধরনের আবিষ্কার, যা গ্রহটির বায়ুমণ্ডলীয় আচরণ বুঝতে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

বিজ্ঞানীদের মতে, এই দশভুজাকৃতির প্যাটার্নটি গত কয়েক বছরে তৈরি হয়েছে এবং এটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। শনি গ্রহের ঋতু পরিবর্তনের ফলে দক্ষিণ মেরু পৃথিবী থেকে দৃশ্যমান হওয়ার পরপরই গবেষকরা এই গঠনটি পর্যবেক্ষণ করতে সক্ষম হন। এর আগে হাবল টেলিস্কোপের মাধ্যমে ২০২৩ সালের দিকে এর প্রাথমিক আলামত পাওয়া গিয়েছিল।

এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন স্পেনের ইউনিভার্সিটি অফ দ্য বাস্ক কান্ট্রির গবেষক অগাস্টিন সানচেজ-লাভেগা। তিনি জানান, ১৯৯০ সাল থেকে বিজ্ঞানীরা শনির দক্ষিণ মেরুতে উত্তর মেরুর মতো কোনো প্যাটার্ন খুঁজছিলেন, কিন্তু নাসার ক্যাসিনি মহাকাশযান বা আগের কোনো পর্যবেক্ষণে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। হাবল টেলিস্কোপের মাধ্যমে পাওয়া নতুন তথ্য নিশ্চিত করেছে যে এটি বায়ুমণ্ডলের বেশ কয়েকটি স্তর জুড়ে বিস্তৃত একটি স্থায়ী কাঠামো।

কেন এই প্যাটার্নটি হঠাৎ তৈরি হলো এবং এটি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে এখনও কাজ করছেন বিজ্ঞানীরা। গবেষক অ্যামি সাইমন জানান, এই দশভুজ কেন এখন দৃশ্যমান হচ্ছে এবং এটি স্থায়ী রূপ নেবে কি না, তা জানতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং কম্পিউটার মডেলিংয়ের সাহায্য নেওয়া হবে। হাবলের দীর্ঘদিনের পর্যবেক্ষণ তথ্য এই প্রক্রিয়াটি বুঝতে বিজ্ঞানীদের বিশেষ সহায়তা করছে।