যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার সকালে একযোগে এআই চ্যাটবট সেবা বিঘ্নিত হয়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং এক্সএআই তাদের এআই মডেলগুলোতে বড় ধরনের বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে। একই সময়ে প্রধান তিনটি এআই কোম্পানির সেবা অচল হয়ে পড়ায় প্রযুক্তি খাতে এর প্রভাব ও কারণ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ওপেনএআইয়ের মুখপাত্র ক্যাথলিন চাইকোভস্কি জানিয়েছেন, প্যাসিফিক টাইম সকাল ৭টা ৪৩ মিনিটে একটি রাউটিং ত্রুটির কারণে চ্যাটজিপিটি ও কোডেক্স ব্যবহারকারীদের জন্য অনুপোযোগী হয়ে পড়েছিল। সকাল ৮টা ১৭ মিনিটের দিকে তারা এই সমস্যা সমাধান করেন বলে দাবি করেন।
অ্যানথ্রোপিক সকাল ৬টা ২৩ মিনিটে ক্লদ মাইথোস, ফেবেল ও ওপাস মডেলে আংশিক বিভ্রাটের তথ্য জানায়। পরবর্তীতে তারা জানায়, সমস্যার কারণ শনাক্ত করে তা সমাধান করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এক্সএআইয়ের মূল কোম্পানি স্পেসএক্স জানিয়েছে, তাদের মেমফিস কম্পিউট সেন্টারে সমস্যার কারণে গ্রক চ্যাটবট অচল হয়ে পড়েছিল। সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এই বিভ্রাট বেলা ১০টা ৫ মিনিটে পুরোপুরি সমাধান করা হয়।
একই সময়ে একাধিক প্রতিষ্ঠানের সেবায় বিভ্রাট ঘটায় ধারণা করা হয়েছিল কোনো তৃতীয় পক্ষের ক্লাউড বা অবকাঠামো সেবায় সমস্যা হয়েছে। তবে ক্লাউডফ্লেয়ার, অ্যামাজন ওয়েব সার্ভিস বা মাইক্রোসফট অ্যাজুরের মতো বড় অবকাঠামো সেবাদাতারা কোনো বিভ্রাটের তথ্য দেয়নি। গুগল জেমিনির ক্ষেত্রেও কিছু ব্যবহারকারী সমস্যা পাওয়ার কথা জানালেও গুগল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।