যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ভিত্তিক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট ক্লোডের মেমোরি বা স্মৃতি নিয়ন্ত্রণের সুযোগ উন্মুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ক্লোড তাদের সম্পর্কে কী কী তথ্য মনে রাখবে, তা নিজেই নির্ধারণ ও পরিবর্তন করতে পারবেন। চ্যাটবটটি ব্যবহারের সময় ব্যবহারকারীদের বারবার একই বিষয় ব্যাখ্যা করার ঝক্কি কমাতে এই মেমোরি ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ওয়েব ও মোবাইল ভার্সনে মেমোরি নিয়ন্ত্রণ
ক্লোডের ওয়েব সংস্করণে (claude.ai) সেটিংস মেনু থেকে মেমোরি অপশনে গিয়ে নির্দিষ্ট বিষয়গুলো দেখা বা মুছে ফেলা সম্ভব। এছাড়া মোবাইল অ্যাপে সেটিংসের অধীনে ‘ক্যাপাবিলিটিস’ মেনু থেকে ‘মেমোরি ফাইলস’ অপশনে গিয়ে তথ্যগুলো এডিট বা ডিলিট করা যায়।
সংবেদনশীল তথ্যের সুরক্ষা
অ্যানথ্রপিক নতুন একটি অপশন যুক্ত করেছে, যার মাধ্যমে ব্যবহারকারী চাইলে সংবেদনশীল তথ্য মেমোরিতে রাখার অনুমতি দিতে পারেন। ডিফল্ট অবস্থায় স্বাস্থ্য, জাতিগত পরিচয়, ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শের মতো বিষয়গুলো ক্লোড মনে রাখে না। তবে কেউ এই ফিচার চালু করলে চ্যাটবটটি সেই তথ্য সংরক্ষণ শুরু করবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের মতো অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ক্লোড কখনোই সংরক্ষণ করে না।
প্রজেক্ট এবং ইনকগনিটো মোড
ক্লোডের প্রজেক্ট ফিচার ব্যবহার করার সময় মেমোরি আলাদাভাবে কাজ করে। নির্দিষ্ট কোনো কাজ বা প্রজেক্টের সাথে প্রাসঙ্গিক তথ্য এতে সংরক্ষণ করা হয়। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় ‘ইনকগনিটো মোড’ চালু করে সাময়িকভাবে মেমোরি ফিচার বন্ধ রাখতে পারেন। ইনকগনিটো মোডে কোনো চ্যাট ইতিহাস বা মেমোরি সংরক্ষিত হয় না এবং মডেল প্রশিক্ষণের কাজেও তা ব্যবহৃত হয় না।
মেমোরি মুছে ফেলা বা রিসেট
ব্যবহারকারী চাইলে ক্লোডের মেমোরি ফিচার পুরোপুরি বন্ধ বা রিসেট করতে পারেন। তবে কোম্পানিটি সতর্ক করেছে যে, মেমোরি রিসেট করলে তা আর পুনরুদ্ধার করা সম্ভব নয় এবং চ্যাটবটটি সবকিছু নতুন করে শুরু করবে।