জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ (IFA) প্রযুক্তি মেলায় রোবট ভ্যাকুয়াম নির্মাতা প্রতিষ্ঠান আইরোবট তাদের নতুন কনসেপ্ট পণ্য ‘রুবা ডুও’ প্রদর্শন করেছে। আইরোবটের প্রধান প্রকৌশলী অ্যাডাম পোপের মতে, এটি একটি আধুনিক রোবট মাদারশিপ, যা তার ওপরের অংশে একটি ছোট রুমবা ভ্যাকুয়াম বহন করতে সক্ষম। ব্যবহারকারীদের ঘর পরিষ্কারের জটিল সমস্যার সমাধান দিতেই এই প্রযুক্তি উদ্ভাবনের কথা ভাবছে কোম্পানিটি।
কেন গুরুত্বপূর্ণ
সাধারণত শক্তিশালী মেঝে পরিষ্কারক বা স্টিম ক্লিনারের সক্ষমতা থাকলেও সেগুলো স্বয়ংক্রিয় রোবটের মতো কাজ করতে পারে না। রুবা ডুও এই সমস্যার সমাধান দিচ্ছে। বড় মাদারশিপ ইউনিটটি শক্তিশালী মেঝে পরিষ্কার এবং স্টিম দেওয়ার কাজ করে, আর যান্ত্রিক হাতের সাহায্যে ছোট রুমবাটিকে সংকীর্ণ বা আসবাবের নিচের জায়গাগুলো পরিষ্কারের জন্য নিচে নামিয়ে দেয়। এই দুটি ইউনিট একই ম্যাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সমন্বয় সাধন করে কাজ করে, ফলে একই জায়গায় দুইবার কাজ হওয়ার সুযোগ থাকে না।
প্রযুক্তি ও সক্ষমতা
মাদারশিপ ইউনিটটি মেঝেতে ৪৬ নিউটন পর্যন্ত চাপ দিয়ে ঘষে পরিষ্কার করতে সক্ষম, যা সাধারণ রোবট ভ্যাকুয়ামের তুলনায় অনেক বেশি। এতে থাকা হিটার বাষ্প তৈরি করে শক্ত হয়ে লেগে থাকা ময়লা দূর করতে সাহায্য করে। পাশাপাশি মাদারশিপটিতে থাকা স্বয়ংক্রিয় ডক স্টেশন ব্যবহারের পর মপ পরিষ্কার ও শুকানোর কাজ সম্পন্ন করে।
ছোট রুমবা ইউনিট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে রুমবা প্লাস ৫৭৫ কম্বো মডেলটি। এটি ৮.৩৫ সেন্টিমিটার উচ্চতার হওয়ায় আসবাবের নিচে সহজে প্রবেশ করতে পারে। উভয় ইউনিটই রিয়েল-টাইমে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখে এবং একটি অভিন্ন অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমানে এটি কেবল একটি ধারণামূলক প্রকল্প বা কনসেপ্ট হিসেবে প্রদর্শিত হয়েছে এবং এটি কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।