যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন ঠিকাদারদের জন্য নতুন ‘সিকিউর স্পেস নেটওয়ার্ক’ তৈরির ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে প্রায় ৫০টি সেনসিটিভ কম্পার্টমেন্টেড ইনফরমেশন ফ্যাসিলিটি (SCIF) নির্মাণ করা হবে, যাতে ছোট বা নতুন কোম্পানিগুলো প্রতিরক্ষা বিভাগের গোপন কাজগুলো সহজে সম্পাদন করতে পারে।
প্রতিরক্ষা বিভাগের ইন্ডাস্ট্রিয়াল বেস গ্রোথের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেমস আর. মিসম্যাশ জানিয়েছেন, অনেক কোম্পানিই গোপন তথ্য বা পরিবেশে প্রবেশের সুযোগ না থাকায় প্রতিরক্ষা খাতে কাজ করতে বাধাগ্রস্ত হয়। এই নেটওয়ার্কটি সেই বড় বাধা দূর করবে এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিধি আরও প্রসারিত করবে।
সেনসিটিভ কম্পার্টমেন্টেড ইনফরমেশন ফ্যাসিলিটি বা এসসিআইএফ (SCIF) হলো এমন একটি নিয়ন্ত্রিত কক্ষ বা স্থাপনা, যা জাতীয় গোয়েন্দা মানদণ্ড অনুযায়ী সুরক্ষিত। এগুলো মূলত অনধিকার প্রবেশ, কথোপকথন আড়ি পাতা বা ইলেকট্রনিক গুপ্তচরবৃত্তির মতো হুমকি থেকে তথ্য সুরক্ষায় সক্ষম। সাধারণত ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব অর্থায়নে এই ধরনের সুবিধা তৈরি করা বেশ ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়ে।
নতুন এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে প্রতিরক্ষা বিভাগের একুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট অফিস। এই সুবিধাগুলো সামরিক স্থাপনা, এপেক্স এক্সিলারেটরের মতো শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হবে। পেন্টাগনের লক্ষ্য হলো এমন একটি উৎপাদন সক্ষমতা গড়ে তোলা, যা প্রয়োজনে দ্রুত বর্ধনযোগ্য হবে।
তবে এই প্রকল্পের জন্য ঠিকাদারদের কত খরচ হবে, স্থাপনাগুলোর আয়তন কত হবে বা কাজ সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা কী—সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।