যুক্তরাষ্ট্রের ম্যাপ নেভিগেশন সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাপকুয়েস্ট তাদের অ্যাপে নতুন করে অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট যুক্ত করেছে। লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার সরকারি নির্দেশ প্রত্যাখ্যান করায় সম্প্রতি অ্যাপটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষে উঠে এসেছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ডগ বার্জার জানিয়েছেন, জনগণের এই অভাবনীয় সাড়া তাদের বিস্মিত করেছে।
অ্যান্ড্রয়েড অটোতে যুক্ত হওয়ার ফলে এখন থেকে চালকরা তাদের গাড়ির ড্যাশবোর্ড স্ক্রিনে গুগল ম্যাপের বিকল্প হিসেবে ম্যাপকুয়েস্ট ব্যবহার করতে পারবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ম্যাপকুয়েস্ট জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে।
এই প্ল্যাটফর্মে নেভিগেশনের পাশাপাশি ক্রাউডসোর্সিং ফিচারও পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে চালক ও যাত্রীরা দুর্ঘটনা, রাস্তা বন্ধ থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মতো তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবেন।
ম্যাপকুয়েস্ট জানিয়েছে, খুব শিগগিরই অ্যাপলের কারপ্লে (CarPlay) সাপোর্টও যুক্ত করা হবে। তবে অ্যান্ড্রয়েড অটোতে এই সুবিধা সব ব্যবহারকারী কতদিন পর্যন্ত পাবেন বা বেটা টেস্টিং কতদিন চলবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে যাত্রা শুরু করা ম্যাপকুয়েস্ট এক সময় অনলাইন ম্যাপের বাজারে আধিপত্য বিস্তার করলেও ২০০৫ সালে গুগল ম্যাপ আসার পর জনপ্রিয়তা হারায়। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ অমান্য করে লেক অন্টারিওকে লেক আমেরিকা হিসেবে চিহ্নিত করতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানটি পুনরায় ব্যাপক পরিচিতি পায়। গুগল ও অ্যাপল এই নির্দেশ মানলেও ম্যাপকুয়েস্ট ও মাইক্রোসফট তা প্রত্যাখ্যান করে। এরপর থেকেই অ্যাপটির ডাউনলোড সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।