দক্ষিণ কোরিয়ার সিউলে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা স্মার্টফোনের স্ক্রিনে লক্ষ্য করা লাল আভা বা রেড টিল্ট সমস্যার সমাধান ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। দক্ষিণ কোরিয়ার স্যামসাং মেম্বারস অ্যাপে প্রকাশিত এক নোটিশে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি কোনো হার্ডওয়্যার ত্রুটি নয়, বরং ডিসপ্লে ক্যালিব্রেশনের সমস্যার কারণে এমনটি ঘটছে।
স্যামসাং মেম্বারস অ্যাপের মাধ্যমে গ্রাহকদের এই সমস্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। সমস্যা সমাধানে দুটি পথ বাতলে দেওয়া হয়েছে। প্রথমত, গ্রাহকরা তাদের নিকটস্থ স্যামসাং সার্ভিস সেন্টারে গিয়ে বিনামূল্যে দ্রুত ক্যালিব্রেশন সম্পন্ন করে নিতে পারবেন। এই সুবিধা এখন থেকেই কার্যকর করা হয়েছে।
যারা সার্ভিস সেন্টারে যেতে আগ্রহী নন, তাদের জন্য স্যামসাং একটি ওভার-দ্য-এয়ার (OTA) আপডেট নিয়ে কাজ করছে। তবে এই আপডেটটি কবে নাগাদ ছাড়া হবে, সে বিষয়ে কোম্পানিটি নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি।
গত মার্চে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই অল্প সংখ্যক গ্রাহক স্ক্রিনের মাঝখানে লাল আভা দেখতে পান। হার্ডওয়্যার জনিত সমস্যা নেই নিশ্চিত করার পর থেকে বিভিন্ন মহলে এর কারণ নিয়ে জল্পনা ছিল। কেউ কেউ নতুন প্রাইভেসি ডিসপ্লে প্যানেলকে দায়ী করেছিলেন, আবার কেউ কেউ তীব্র আলোতে দীর্ঘ সময় সর্বোচ্চ উজ্জ্বলতায় ফোন ব্যবহারের কথা বলেছিলেন। তবে স্যামসাংয়ের নোটিশে স্পষ্ট কোনো কারণ উল্লেখ না করে সরাসরি সমাধান প্রক্রিয়ার ওপর জোর দেওয়া হয়েছে।