যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান সিগন্যাল তাদের মেসেজিং অ্যাপে একাধিক স্মার্টফোন যুক্ত করার নতুন সুবিধা চালু করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিবেদক স্টিভি বনিফিল্ড। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন একটি মাত্র ফোন নম্বর ব্যবহার করে একাধিক অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে সিগন্যাল অ্যাকাউন্ট কার্যকর রাখতে পারবেন, যা আগে শুধুমাত্র পিসি এবং আইপ্যাডের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল।
এই সুবিধার ফলে ব্যবহারকারীরা তাদের সবকটি সংযুক্ত ডিভাইস থেকেই নতুন মেসেজ দেখা এবং উত্তর দেওয়া সম্ভব হবে। নিরাপত্তার কথা মাথায় রেখে সিগন্যাল একটি বিকল্প রেখেছে, যার মাধ্যমে নতুন যুক্ত করা ডিভাইসে আগের মেসেজগুলোর এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কপি স্থানান্তর করা হবে কি না, তা ব্যবহারকারী নিজেই নির্বাচন করতে পারবেন। এটি মূলত ডিভাইস হারিয়ে যাওয়া বা অন্য কারো হাতে পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সিগন্যাল ভার্সন ৮.২০ এবং আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা ভার্সন ৮.২২ আপডেটের মাধ্যমে এই সুবিধাটি পাবেন।
পাশাপাশি বড় স্ক্রিনের ডিভাইসের জন্য সিগন্যাল তাদের ইন্টারফেসে উল্লেখযোগ্য উন্নয়ন এনেছে। বিশেষ করে ফোল্ডেবল ফোনের উপযোগী করে অ্যাপটিকে তৈরি করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ট্যাবলেটের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় পর্দার অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ক্রোমবুক অ্যাপের ইন্টারফেস অপ্টিমাইজ করার কাজ এখনো চলমান রয়েছে।